শেষ মুহূর্তে এসে প্রচারণায় আচরণবিধি মানছেন না রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা তিন শতাধিক রিকশা নিয়ে পৌর শহরে মহড়া করেছেন।
নির্বাচনে ছয় মেয়র ও ৪৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার আছেন ১৭ হাজার ৪৮১ জন।
পৌর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী মিছিল কিংবা শোভাযাত্রা করতে এমনকি ভোটারদের মধ্যে খাবারও বিতরণ করতে পারবেন না। কিন্তু নির্বাচনী এসব আচরণবিধি শেষ মুহূর্তে এসে মানছেন না কোনো প্রার্থী।
নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন প্রত্যক্ষদর্শী ভোটার বলেন, দিনে পুরুষ ভোটাররা কাজের জন্য বাড়ির বাইরে থাকেন। নারীরাও থাকেন দিনভর বাড়ির কাজে ব্যস্ত। এ কারণে প্রার্থীরা দিনে মাইকে আর সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত গ্রামে গ্রামে উঠান বৈঠকসহ সভা-সমাবেশ করে প্রচারণা চালাচ্ছেন। এ ছাড়া সন্ধ্যার পর থেকে কমবেশি সব প্রার্থীই নিজ নিজ প্রতীকের সমর্থনে পৌর শহরে নির্বাচনী মিছিল করছেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।
জানতে চাইলে স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুল হক বলেন, ‘সবাই তো মিছিল করছে। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই আমার সমর্থকেরাও করেছে।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা করছেন না।
আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার সাহা বলেন, ‘সমর্থকেরা যদি নিজেরাই ভালোবেসে মিছিল করেন, তাহলে আমার করার কী আছে! তবু তা করতে তাঁদের নিষেধ করেছি। কিন্তু ঠেকানো যাচ্ছে না।’ গতকাল রিকশা মহড়া দেওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘একটু প্রচারণা তো চালাতে হবে। তা না হলে ভোটাররা জানবেন কেমন করে আমি নৌকা মার্কার প্রার্থী।’
বিএনপির প্রার্থী পরিতোষ চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো নির্বাচনী মিছিল করিনি। আওয়ামী লীগের প্রার্থীসহ অন্যরা আচরণবিধি লঙ্ঘন করেই চলেছেন।’
রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার সাহা, স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক, বিএনপির প্রার্থী পরিতোষ চক্রবর্তী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল বাকীকে কারণ দর্শানো হয়েছে। আচরণবিধি না মানলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আচরণবিধি লঙ্ঘন করে পৌর শহরে মিছিল বের করার অভিযোগে উত্তম কুমার সাহার সমর্থক অরুণ সাহাকে (৪০) দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ। গতকাল শনিবার রাত আটটার দিকে পৌর শহরের শাহাপুর এলাকায় তাঁর ওই জরিমানা করা হয়।