সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপটি ১০ বছর ধরে নষ্ট থাকায় এখানকার তিন শতাধিক শিক্ষার্থীকে খাবার পানির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় বিদ্যালয়সংলগ্ন পাড়ায় পাড়ায় গিয়ে নলকূপ থেকে তাদের পানি পান করতে হচ্ছে। উপজেলা প্রশাসন, স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩১৩ জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে দুজন শিক্ষক সার্টিফিকেট ইন অ্যাডুকেশন (সিইনএড) প্রশিক্ষণে রয়েছেন। গত অর্থবছর উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় থেকে এ বিদ্যালয়ে একটি নলকূপ স্থাপন ও শৌচাগার মেরামতের জন্য এক লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে কমিটির ১০ জন সদস্য অনাস্থা দেওয়ায় এবং তাঁদের মধ্যে মতবিরোধ থাকায় বরাদ্দ করা টাকা উত্তোলন না করায় এ টাকা ফেরত গেছে। বিদ্যালয়ে একটি নলকূপ থাকলেও এটি ১০ বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। গত মঙ্গলবার বিদ্যালয়ে গেলে কথা হয় প্রধান শিক্ষক মো. ওয়াহেদুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ‘এ বিদ্যালয়ে ভবন, আসবাবসহ রয়েছে নানা সমস্যা। প্রধান সমস্যা হচ্ছে এ বিদ্যালয়ের নলকূপটি ১০ বছর ধরে ব্যবহারের অনুপযোগী। তাই বাধ্য হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পানি পান করতে হয়। আমি এখানে নতুন এসেছি। খুব শিগগিরই এ সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাব।’বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুননেছা জানান, তিনি ২০০৩ সালের নভেম্বর মাস থেকে এখানে কর্মরত। শুরু থেকেই তিনি নলকূপটির এ অবস্থা দেখে আসছেন। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এমরান মিয়া, পঞ্চম শ্রেণীর সোনিয়া আক্তার ও অরুনা আক্তার জানায়, বিদ্যালয়ের নলকূপটি ভালো না থাকায় তাদের সবাই বাড়ি বাড়ি গিয়ে একই সঙ্গে লাইন ধরে খাবার পানি পান করে থাকে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার বলেন, ‘এ বিদ্যালয়ের নলকূপটি ১০ বছর ধরে নষ্ট, যা ভাবতেও খুব কষ্ট হয়। এ সমস্যা নিরসনের জন্য আগামী উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় বিষয়টি উত্থাপন করব।’