প্রায় এক মাস দেরিতে গতকাল বৃহস্পতিবার থেকে বাগেরহাটের পূর্ব সুন্দরবনে দুবলা জেলেপল্লির পাঁচটি চরে শুঁটকি মৌসুম শুরুর অনুমতি দিয়েছে বন বিভাগ। গত বুধবার রাতে প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় তিনটি শর্তে ১১ জন মৎস্যজীবী ও বহদ্দারকে (শুঁটকি মাছ ব্যবসায়ী) ওই অনুমতি দেওয়া হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে, বনের সব ধরনের সম্পদ আহরণ নিষিদ্ধ করার সরকারি পদক্ষেপের অংশ হিসেবে দুবলা জেলেপল্লির বাৎসরিক এই মৎস্য আহরণের অনুমতি দেওয়া থেকে বিরত ছিল বন বিভাগ। ফলে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে প্রথাগতভাবে শুরু হওয়া শুঁটকি মৌসুমে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা দুবলা জেলেপল্লিতে যাওয়ার অনুমতি পাচ্ছিলেন না। অবশেষে গতকাল তাঁদের সেই অনুমতি দেওয়া হয়। দুবলার শুঁটকি মৌসুম শেষ হয় মধ্য ফেব্রুয়ারিতে।
২০১৪-১৫ অর্থবছরে দুবলায় ২৭ হাজার ৭১২ কুইন্টাল শুঁটকি এবং দুবলাসহ পূর্ব সুন্দরবনে ২১ হাজার ৬৭০ কুইন্টাল কাঁচা মাছ আহরণ করা হয়। গত বছর দুবলায় ১৩ জন মৎস্য ব্যবসায়ীকে ৯৮৫টি ঘর নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। শুঁটকি খাতে বন বিভাগ গত অর্থবছরে প্রায় ৫৬ লাখ টাকা রাজস্ব পায়। এই সময়ে মৎস্য খাতে বন বিভাগের মোট আদায় করা রাজস্ব ছিল ১ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৪২০ টাকা।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, শর্তগুলো হলো: দুবলায় অবস্থানকালে জেলেরা তাঁদের ঘর নির্মাণ, মৎস্য আহরণসহ কোনো কাজে বনজ সম্পদ ব্যবহার করতে পারবেন না; তাঁরা বঙ্গোপসাগর ও সাগর উপকূল ছাড়া বনের ভেতরের নদী-খাল থেকে মৎস্য সম্পদ আহরণ করতে পারবেন না এবং চলাচলের ক্ষেত্রে বন বিভাগের পূর্ব অনুমতি সাপেক্ষে সীমিতভাবে বলেশ্বর ও পশুর নদকে রুট হিসেবে ব্যবহার করবেন। বন বিভাগ এ বছর ১১ মৎস্যজীবীকে দুবলা জেলেপল্লির মেহের আলী, আলোর কোল, নারকেলবাড়িয়া, শ্যালারচর ও মাঝের কেল্লাচরে ৫৩৫টি অস্থায়ী ঘর নির্মাণের অনুমতি দিয়েছে। এসব চরে এ বছর অন্তত ছয় হাজার জেলে মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াকরণ করবেন। সাতটি চর নিয়ে গঠিত দুবলা জেলেপল্লির অপর দুটি চর মানিকখালী ও অফিস কেল্লায় মাছ ধরার অনুমতি দেওয়া হয়নি।
দুবলা ফিশারম্যান গ্রুপের সাংগঠনিক সম্পাদক ও মৎস্য ব্যবসায়ী শাহানূর রহমান বলেন, বিলম্বে মৌসুম শুরু হওয়ায় এ বছর মাছ কম পড়বে। মৎস্য ব্যবসায়ী ও জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। অনিশ্চয়তার জন্য প্রস্তুতি নিতে না পারায় অনেক মৎস্য ব্যবসায়ী এ বছরের মৌসুম ধরতে পারবেন না। শুঁটকি উৎপাদন কমে গেলে এর প্রভাব পড়বে বাজারে।
পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কামাল উদ্দিন বলেন, দুবলারচরে অবস্থানের প্রস্তুতি নিতে জেলেরা অক্টোবরের প্রথম দিকে যাওয়া শুরু করলেও প্রকৃতপক্ষে মৌসুম শুরু হয় অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম পূর্ণিমায়। ফলে মৎস্য আহরণে তাঁরা তেমন ক্ষতির সম্মুখীন হবেন না।