তিন শিক্ষক অনুপস্থিত নয় মাস, বেতন-ভাতা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার বেগুনজোয়ার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষক নয় মাস ধরে কর্মস্থলে আসছেন না। নেই ব্যবস্থাপনা কমিটিও।
প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় পাঁচ মাস ধরে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। আর প্রধান শিক্ষকের অভিযোগ, স্থানীয় দুই ব্যক্তি তাঁদের বিদ্যালয়ে প্রবেশ করতে দিচ্ছেন না।
৮ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী বিদ্যালয়টি পরিদর্শনে এসে প্রধান শিক্ষককে পাননি। পরে তিনি তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা শিক্ষকদের হাজিরা খাতায় উল্লেখ করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আবু সাদাত শামীম মাহমুদ, তাঁর স্ত্রী সহকারী প্রধান শিক্ষক পাপিয়া সুলতানা ও সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক গৌতম কুমার গত বছরের ১০ আগস্ট থেকে ছুটি ছাড়াই বিদ্যালয়ে আসছেন না। বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটিও নেই।
বিলুপ্ত অ্যাডহক কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক জানান, ২০১২ সালে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন হয়। নির্বাচিত সদস্যদের কাউকে না জানিয়ে প্রধান শিক্ষক তৎকালীন স্থানীয় সাংসদকে সভাপতি করে কমিটির অনুমোদন করিয়ে নেন। এ ঘটনায় খলিলুর রহমান নামে নির্বাচিত একজন অভিভাবক সদস্য রিট করলে হাইকোর্ট ওই কমিটির ওপর ২৩ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেন। এরপর প্রধান শিক্ষক গোপনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদকে সভাপতি করে কমিটির অনুমোদন করিয়ে নেন। এরপর তাঁর স্ত্রী পাপিয়া সুলতানাকে সহকারী প্রধান শিক্ষক ও সমাজবিজ্ঞান বিষয়ে গৌতম কুমারকে নিয়োগ দেন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মচারীরা জানান, এসব কারণে এলাকাবাসীর সঙ্গে প্রধান শিক্ষকের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জের ধরে আবু সাদাত শামীম মাহমুদ, পাপিয়া সুলতানা ও গৌতম কুমার বিদ্যালয়ে আসছেন না। এ কারণে তাঁদের বেতন-ভাতা উত্তোলনে জটিলতা সৃষ্টি হয়। গত নভেম্বর মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরে তাঁরা চার মাসের (আগস্ট-নভেম্বর) বেতন-ভাতা পেয়েছিলেন। গত ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত তাঁরা আর বেতন-ভাতা পাননি।
বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম বলেন, ‘পাঁচ মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় আমরা মানবেতর জীবন যাপন করছি।’
অভিযোগ অস্বীকার করে আবু সাদাত শামীম মাহমুদ বলেন, আবু বক্কর সিদ্দিক ও কায়েম নামের দুই ব্যক্তির লোকজন তাঁদের বিদ্যালয়ে আসতে বাধা দিচ্ছে। এ কারণে নয় মাস ধরে তাঁরা বিদ্যালয়ে ঢুকতে পারেননি।
ইউএনও হুসাইন শওকত বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।