তিন শিক্ষক যোগদান করতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজে বদলি হয়ে আসা তিনজন শিক্ষক কাজে যোগ দিতে পারছেন না। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এ মান্নান তাঁদের যোগ দিতে দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। তিনজন শিক্ষক হলেন স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর নেছা ও সরতাজ বেগম এবং প্রাণরসায়ন বিভাগের প্রভাষক নাসরিন সুলতানা। ১ নভেম্বর তাঁদের এখানে নিয়োগ দেওয়া হয়।ভুক্তভোগী শিক্ষক ও তাঁদের পরিবারের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগ উঠেছে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার কয়েকজন নেতার কারণে তাঁদের কাজে যোগদান করতে দিচ্ছেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদলির আদেশ পেয়ে ১১ নভেম্বর ওই তিনজন শিক্ষক কলেজে যোগ দিতে এলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁদের জেলা বিএমএ ও স্বাচিপের নেতা আজিজুর রহমান সিদ্দিকীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এ অবস্থায় গত কয়েক দিনে দফায় দফায় চেষ্টা চালিয়েও তাঁরা কাজে যোগদান করতে পারেননি।ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এ মান্নান এই প্রতিবেদককে আজিজুর রহমান সিদ্দিকীর সঙ্গে কথা বলতে বলেন। আজিজুর রহমান সিদ্দিকী কুমিল্লা মেডিকেল কলেজের কেউ নন, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।আজিজুর রহমান সিদ্দিকীর মুঠোফোনে গত রোববার সন্ধ্যায় তিন দফা চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এর আগে ২৬ নভেম্বর সন্ধ্যায় প্রথম আলো কুমিল্লার কার্যালয়ে এসেছিলেন তিনি। তখন চিকিৎসকদের কুমিল্লায় যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘চারদলীয় জোট সরকারের আমলে আওয়ামীপন্থী চিকিৎসকদের হয়রানি করা হয়েছিল। আমাকে সিরাজগঞ্জের বেলকুচিতে বদলি করা হয়। কলেজজীবনে ছাত্রলীগ করায় চিকিৎসকেরা হয়রানির শিকার হন। তাই আমরা আমাদের দলীয় চিকিৎসকদের আগে যোগদান করাব।’