তিন শিক্ষককে গোপনে নিয়োগ দিয়ে এমপিওভুক্তি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও উচ্চবিদ্যালয়ে গোপনে তিন শিক্ষককে নিয়োগ দিয়ে তাঁদের এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করা হয়েছে। ওই শিক্ষকদের নামে গত ফেব্রুয়ারি মাসের সরকারি বেতনভাতা এসেছে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও এলাকাবাসী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন। শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, গত মঙ্গলবার ওই স্কুলে গিয়ে হাজিরা খাতায় তিনি ওই তিন শিক্ষকের স্বাক্ষর পাননি। তাঁদের বেতন উত্তোলন না করার জন্য তিনি প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বেলাল মোল্লা ও আবদুর রাজ্জাক অভিযোগ করেন, স্কুলে জনবল কাঠামো অনুযায়ী ১৫ জন শিক্ষক-কর্মচারী সরকারি বেতনভাতা উত্তোলন করছেন। কিন্তু ফেব্রুয়ারি মাসের এমপিও তালিকায় শামিমা ইয়াসমিন, মুক্তা খাতুন ও তাপস কবিরাজ নামের আরও তিন সহকারী শিক্ষকের নাম আসায় তাঁরা বিসিঞ্চত হন। পরে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন, প্রধান শিক্ষক ও কমিটির সভাপতি মোটা অঙ্কের ঘুষ নিয়ে গোপনে তাঁদের নিয়োগ দিয়েছেন। ওই শিক্ষকেরা এক দিনও স্কুলে আসেননি। বিধি অনুযায়ী তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে প্রধান শিক্ষক রুস্তম আলী বলেন, বেতন না হওয়ায় এত দিন তাঁরা ক্লাস নেননি। ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কিছু সদস্য সুবিধা ভোগ করতে না পারায় অপপ্রচার চালাচ্ছেন। পরিচালনা কমিটির সভাপতি আবদুল জব্বার মোল্লা একই ধরনের মন্তব্য করেন।