তিন শিক্ষককে চাকরিচ্যুতির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি না নিয়ে ছুটিতে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে চাকরিচ্যুত করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং কমিটি। গতকাল বৃহস্পতিবার কমিটির সভায় এ সুপারিশ করা হয়। তিন শিক্ষক হলেন: ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিক উদ্দীন ও কাজী আবু মুরশেদ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন ইসলাম খান। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের পরবর্তী সভায় তাঁদের চাকরি পরিসমাপ্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে স্ট্যান্ডিং কমিটির ওই সভায় সব অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানা যায়, এই তিন শিক্ষকেরই ছুটির মেয়াদ ২০০৯-১০ সালের মধ্যে শেষ হয়। এরপর কর্তৃপক্ষ তাঁদের কাজে যোগ দেওয়ার জন্য তাগাদা দিয়ে নোটিশ দেয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।তাঁদের মধ্যে মো. মুশফিক উদ্দীন বিনা বেতনে এক বছরের ছুটি নিয়ে দেশের বাইরে চাকরি করতে যান। কিন্তু ছুটি শেষ হওয়ার পর তিনি ছুটি বৃদ্ধির আবেদন না করেই দেশের বাইরে অবস্থান করতে থাকেন। এ অবস্থায় তাঁকে দেশে ফেরার জন্য দুই মাসের নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি নোটিশের কোনো জবাব না দিয়েই বিদেশে অবস্থান করতে থাকেন।কাজী আবু মুরশেদ বিশ্ববিদ্যালয় থেকে বিনা বেতনে চার বছরের ছুটি নিয়ে দেশেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতে যান। কিন্তু ছুটি শেষে তিনি আর কাজে যোগ দেননি। কর্তৃপক্ষ এক মাসের মধ্যে কাজে যোগ দেওয়ার নোটিশ দিলেও তিনি যোগাযোগ করেননি।নাসরিন ইসলাম খান পিএইচডি করতে বিদেশে যান। সাত বছর ধরে পিএইচডি সম্পন্ন করে তিনি দেশে ফেরেন। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আবারও দেশের বাইরে যান। বিদেশে যাওয়ার পর আবারও ছুটি চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ছুটি আর অনুমোদন করেনি।সভায় উপস্থিত জীববিজ্ঞান অনুষদের ডিন সহিদ আকতার হোসেন প্রথম আলোকে বলেন, এই তিন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়েই দীর্ঘদিন ধরে ছুটি ভোগ করছিলেন। কর্তৃপক্ষ তাঁদের নোটিশ দিয়ে তাগাদা দেওয়া সত্ত্বেও তাঁরা কাজে যোগ দেননি। তাই তাঁদের চাকরিচ্যুত করার সুপারিশ করা হয়েছে।