তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া
সেই তিন শিক্ষক ও অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়ার দপ্তরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। ওই তিন শিক্ষক হলেন মীর মোশারেফ হোসেন, বর্ণনা ভৌমিক ও প্রিয়াঙ্কা স্বর্ণকার। অভিযোগকারীদের নাম প্রকাশ করেনি তদন্ত কমিটি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, দাপ্তরিকভাবে ওই তিন শিক্ষক ও অভিযোগকারীদের বক্তব্য নিয়েছে তদন্ত কমিটি। তাঁদের বক্তব্য ও লিখিত অভিযোগের আলোকে তদন্ত চলছে। ওই তিন শিক্ষকের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে, এ বিষয়ে রেজিস্ট্রার কিছু বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য বলেন, সম্প্রতি বিভাগের একটি অনুষ্ঠানে স্নাতকোত্তরের অভিযোগকারী ছাত্রীদের উপস্থিত না হতে মুঠোফোনে হুমকি দিয়েছেন মীর মোশারেফ হোসেন। এই কথোপকথনের রেকর্ডও আছে। কথোপকথনের সময় দুই নারী শিক্ষকের নামও এসেছে। এ ছাড়া শিক্ষকদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ নেই।
১১ এপ্রিল মীর মোশারেফ হোসেন হুমকি দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনে অভিযোগ দেন বিভাগের স্নাতকোত্তর কোর্সের কয়েকজন ছাত্রী। ওই দিনই মীর মোশারেফ হোসেনসহ তিন শিক্ষককে স্নাতকোত্তর কোর্সের শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়৷