তিন শিক্ষককে সাত দিনের মধ্যে পুনর্বহালের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি তৎপরতার প্রতিবাদ করায় বিধিবহির্ভূতভাবে বরখাস্ত করা বগুড়ার এস ও এস হারম্যান মেইনার কলেজের তিন শিক্ষককে সাত দিনের মধ্যে স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশ অমান্য করলে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম কেন স্থগিত করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

চিঠিতে যে তিন শিক্ষককে চাকরিতে পুনর্বহালের কথা বলা হয়েছে, তাঁরা হলেন বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক মাসউদ করিম এবং কলেজ শাখার দুই প্রভাষক অমরেশ চন্দ্র মুখার্জি ও গোলাম মর্তুজা।

কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই মাসউদ করিমকে ২০১৩ সালের সেপ্টেম্বরে এবং অমরেশ চন্দ্র মুখার্জি ও গোলাম মর্তুজাকে ২০১৪ সালের জুনে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান গত রোববার রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠান। এর অনুলিপি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, মাউশির মহাপরিচালক, এস ও এস হারম্যান মেইনার কলেজের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদসহ কয়েকটি জায়গায় দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জঙ্গি তৎপরতার প্রতিবাদ করায় কলেজ কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কলেজের তিন শিক্ষককে বরখাস্ত করেছে। রাজশাহী শিক্ষা বোর্ড তদন্ত করে তিন শিক্ষককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয়। কিন্তু তিন শিক্ষককে অদ্যাবধি চাকরিতে পুনর্বহাল করা হয়নি। সাত দিনের মধ্যে ওই তিন শিক্ষককে পুনর্বহাল করা না হলে সরকারি আদেশ অমান্য করায় প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম স্থগিত কেন করা হবে না, তার জবাব দাখিল করতে হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের চিঠি পাঠানোর কথা জেনেছি। তবে ছুটিতে থাকায় এখনো তা হাতে পাইনি। আগামী ৩ সেপ্টেম্বর ছুটি শেষে দাপ্তরিক কাজে যোগ দেব। চিঠি পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা গেছে, জঙ্গি তৎপরতার প্রতিবাদ করায় প্রতিষ্ঠানের তিন শিক্ষককে অবৈধভাবে বরখাস্ত করা হয়। বোর্ডের নিজস্ব তদন্ত কমিটি ছাড়াও একাধিক তদন্ত কমিটি ওই তিন শিক্ষককে পুনর্বহালের জন্য সুপারিশও করে।

তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড কলেজ কর্তৃপক্ষকে কয়েক দফা চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাঁর কার্যালয়ে কলেজ প্রশাসনকে ডেকে তিন শিক্ষককে পুনর্বহালের জন্য বলেন। কিন্তু তা প্রত্যাখ্যান করলে গত বছরের ২ জুন প্রতিষ্ঠানটির সব পর্যায়ের পাঠদান কার্যক্রম বাতিল করা হয়। তবে এর দুই দিনের মাথায় বোর্ড ওই সিদ্ধান্ত বাতিল করায় প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত থাকে।