তিন শিক্ষকে চলছে রোয়াংছড়ির সরকারি উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে পাঁচ শ শিক্ষার্থীর জন্য মাত্র তিনজন শিক্ষক। ২০০৮ সাল থেকে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। শিক্ষক না থাকায় দুই বছর আগে বিজ্ঞান শাখা বন্ধ হয়েছে। বান্দরবানের রোয়াংছড়ির একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে গত চার বছর ধরে এভাবেই চলছে পাঠদান।

শিক্ষকের দাবিতে গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে রোয়াংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ করেন তাঁরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।

রোয়াংছড়ি শিক্ষা উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত ওই সমাবেশ বক্তারা বলেন, ৩১ জানুয়ারি মধ্যে শিক্ষক-সংকটের সমাধান না হলে এসএসসি পরীক্ষার পর হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁরা বলেন, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, গণিত ও ইংরেজিসহ বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীদের লেখাপড়ায় সমস্যা হচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান সাহ্লামং মার্মা। আরও বক্তব্য দেন রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ক্যবামং মার্মা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সভাপতি চহ্লামং মার্মা, মাও সেতুং তঞ্চঙ্গ্যা, মংখিং মার্মা, অমিত তঞ্চঙ্গ্যা প্রমুখ।

বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক আবদুস সবুর জানান, চার বছর ধরে তিনজন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়টি। শিক্ষকের অভাবে বিজ্ঞান শাখা বন্ধ হয়ে গেছে। জেলা পরিষদ থেকে একজন খণ্ডকালীন শিক্ষক দেওয়া হয়েছে। শিক্ষক স্বল্পতার কারণে পাঠদানে মারাত্মক সমস্যা হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা বলেন, একটি উপজেলায় একটিমাত্র বিদ্যালয়। সেটি যদি শিক্ষকের অভাবে অচল হয়ে পড়ে থাকে তাহলে ছেলেমেয়েদের আর যাওয়ার কোনো জায়গা থাকে না।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, তিনজন শিক্ষক নিয়ে বিদ্যালয় চালানো কঠিন। স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।