তিন শিক্ষকের একজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেই তিন শিক্ষকের মধ্যে একজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বিভাগের এক শিক্ষার্থীর আনা অভিযোগের ভিত্তিতে বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত ও কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট সভা। কিন্তু মীর মোশারেফ হোসেনের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে কি না, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ ছাড়া একই অভিযোগে অভিযুক্ত বিভাগের প্রভাষক বর্ণনা ভৌমিক ও প্রিয়াংকা স্বর্ণকারের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
জানতে চাইলে মীর মোশারেফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি বিভাগের অভ্যন্তরীণ রাজনীতির শিকার। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তাও তিনি জানেন না। একাধিকবার অভিযোগনামা চেয়ে আবেদন করেও কোনো উত্তর দেয়নি কর্তৃপক্ষ। এই শাস্তি একপক্ষীয়ভাবে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, সম্প্রতি বিভাগের এক নবীনবরণ অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ না করতে হুমকি দেন মীর মোশারেফ হোসেন। এর মধ্যে স্নাতকোত্তরের একজন ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ওই তিন শিক্ষককে স্নাতকোত্তরের কোর্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
১১ এপ্রিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্ল্যানিং কমিটির সভায় অধ্যাপক পদে নিয়োগ ও নবীনবরণ অনুষ্ঠানের অনিয়ম নিয়ে আপত্তি তোলেন মীর মোশারেফ হোসেন, প্রভাষক বর্ণনা ভৌমিক ও প্রিয়াংকা স্বর্ণকার। ওই দিনের বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই এই তিন শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের স্নাতকোত্তর কোর্স থেকে অব্যাহতি দেওয়া হলো।