লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নাটকে অভিনয় করায় দশম শ্রেণীর এক ছাত্রীকে বেত্রাঘাতের ঘটনায় তিন শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ২২ জুন লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ওই অভিযোগপত্র দেওয়া হয়। ওই শিক্ষকেরা হলেন কমলনগরের কাদির পণ্ডিতেরহাট চর জগবন্ধু ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুন্নবী, শিক্ষক মাওলানা মো. ইসমাইল হোসেন ও মো. নুরুল আমিন।এর মধ্যে বেত্রাঘাতকারী শিক্ষক ইসমাইল হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বেত্রাঘাতের ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাত কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।চর জগবন্ধু ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ওই ছাত্রী গত এপ্রিল মাসে গ্রীষেঞ্চর ছুটি চলার সময় জুয়াখেলা, দাদন ব্যবসা, সুদ গ্রহণ ও যৌতুকবিরোধী জনসচেতনতা সৃষ্টির জন্য এলাকায় দাই নামের একটি গণনাটকে অভিনয় করে। ছুটি শেষে মেয়েটি ২ জুন মাদ্রাসায় গেলে নাটকে অভিনয় করার অপরাধে শ্রেণীশিক্ষক ইসমাইল তাকে ক্লাস থেকে বের করে দেন। ওই শিক্ষক পরের দিনও ক্লাস করতে না দেওয়ায় মেয়েটি তার বাবাকে জানায়। ৬ জুন বাবাকে নিয়ে মাদ্রাসায় যায় মেয়েটি। ওই সময় শিক্ষক ইসমাইল ও নুরুল আমিন মেয়েটির বাবাকে অপমানজনক কথা বলেন। একপর্যায়ে ‘কান্নাকাটি’ করে মাদ্রাসা থেকে চলে যান তার বাবা। এরপর মেয়েটিকে শ্রেণীকক্ষে নিয়ে সহপাঠীদের সামনে বেদম বেত্রাঘাত করেন ইসমাইল। ক্লাসে যেতে না পারায় মেয়েটির পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়।এ ঘটনায় ১৮ জুন মাদ্রাসার অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম নাজিম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেয় মেয়েটি। ইউএনও অভিযোগটি জরুরি ভিত্তিতে তদন্ত করে সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নিতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক খানের কাছে পাঠান। এ নিয়ে ২০ জুন প্রথম আলোয় ‘নাটকে অভিনয় করায় ছাত্রীকে বেত্রাঘাত!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।যোগাযোগ করলে কমলনগর থানার ওসি এনামুল হক খান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, নির্যাতিত মাদ্রাসাছাত্রীর লিখিত অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরুন্নবীসহ তিন শিক্ষকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ধারায় ২২ জুন অভিযোগপত্র দেওয়া হয়।অধ্যক্ষ মো. নুরুন্নবী বলেন, ২২ জুন মাদ্রাসা পরিচালনা পর্ষদের বিশেষ সভায় শিক্ষক ইসমাইলকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। মাদ্রাসার তিন সদস্যবিশিষ্ট কমিটির তদন্তে অপর শিক্ষক মো. নুরুল আমিনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।মানববন্ধন: মাদ্রাসাছাত্রীকে বেত্রাঘাতের প্রতিবাদে এবং দোষী শিক্ষকদের বিচারের দাবিতে লক্ষ্মীপুর জেলা সদরের সব সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতা-কর্মীরা গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে একই দাবিতে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।লক্ষ্মীপুর থিয়েটারের সভাপতি শৈবাল সাহা ও দুর্বার নেটওয়ার্ক-নারীপক্ষের সভানেত্রী মমতাজ বেগম বলেন, অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।