তিন শিক্ষকের বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষকের বিরুদ্ধে তিনটি আলাদা তদন্ত কমিটি করেছে প্রশাসন। এর মধ্যে একজনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়।

বাধ্যতামূলক ছুটি পাওয়া শিক্ষক হলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী। তাঁর বিরুদ্ধে বিভাগের একাডেমিক কমিটিতে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে। গতকাল বিভাগের একাডেমিক কমিটি থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

এ ছাড়া পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক বিল্লাল হোসাইনের পিএইচডি শেষ না হওয়ার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক চিঠির পরিপ্রেক্ষিতে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফের বিষয়েও তদন্ত কমিটি গঠন করা হয়।

একজন সিন্ডিকেট সদস্য অভিযোগ করেন, মূলত বিদ্রোহী প্যানেলে থাকার কারণেই এসব তদন্ত কমিটি করা হয়েছে। বিল্লাল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমি পদোন্নতির জন্য পিএইডি ডিগ্রি ব্যবহার করিনি। আর এখনো আমার পিএইচডি শেষ করতে আট মাস সময় আছে।’ তিনি অভিযোগ করেন, ‘এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। সিনেট নির্বাচনে আমাদের উপাচার্যবিরোধী অবস্থানের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আবু সারা শামসুর রউফ গতকাল রাতে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

বিল্লাল হোসাইন ও শামসুর রউফ গত সিনেট নির্বাচনে নীল দলের উপাচার্যবিরোধী প্যানেলের প্রার্থী ছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‌‘নিজেদের স্বার্থ রক্ষায় এসব অভিযোগ। আবু সারা শামসুর রউফের বিরুদ্ধে দুদক অভিযোগ পাঠিয়েছে। আর ২০১২ সালে পিএইচডির থিসিস জমা দেওয়ার কথা বললেও এখনো শেষ না হওয়াতেই বিল্লাল হোসাইনের বিরুদ্ধে কমিটি হয়েছে।’