তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি
লালমনিরহাটের তিন শিক্ষকের এমপিওভুক্তি বাতিল বা স্থগিত করে ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন গতকাল সোমবার দুপুরে এই চিঠি পাঠান।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার আনন্দবাজার নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুল ইসলাম বসুনিয়া, হাতীবান্ধা উপজেলার আরাজী ঠেংঝাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক নুরজাহান বেগম এবং পাটগ্রাম উপজেলার ধবলসতী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর হোসেন বিধিবহির্ভূতভাবে এমপিওভুক্ত হওয়ায় তা বাতিল বা স্থগিত করে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
সূত্র আরও জানায়, আখতারুল ইসলামের মূল পদ সহকারী শিক্ষকের হলেও তিনি ভুয়া কাগজপত্রের মাধ্যমে ২০১২ সালের নভেম্বর এমপিওভুক্ত হন। নুরজাহান বেগমের নিয়োগ সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ হলেও ভুয়া কাগজপত্র দেখিয়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে সহকারী শিক্ষক পদে এমপিওভুক্ত হয়ে আট হাজার টাকা স্কেলে বেতন পাচ্ছেন। নুর হোসেনও ভুয়া কাগজপত্র দাখিল করে চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে এমপিওভুক্ত হন।