তিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মাঠে অশ্লীল নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে মাঠে মেলার আয়োজন করা হয়েছে। এ মেলা ১০ দিন চলবে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাবিবপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র বলে, ‘মেলার কারণে বুধবার থেকে আমাদের কোনো ক্লাস হচ্ছে না। বিদ্যালয় বন্ধ রাখায় আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।’
মেলায় আসা মসলা বিক্রেতা খায়রুল ইসলাম (৪০) জানান, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ একটাই। প্রতিবছর এখানে মেলা হয়। আরেক ছাত্রের অভিভাবক একরামুল হক (৫০) বলেন, এলাকার কিছু মানুষ অবৈধ টাকা রোজগারের জন্য মেলার আয়োজন করেছে। তাদের দাপটে কেউ কথা বলতে পারে না। এলাকার হাজারো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা মেলার আয়োজকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মাঠ ব্যবহার করার অনুমতি দিচ্ছেন।
গত বৃহস্পতিবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, উপজেলার হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবিবপুর উচ্চবিদ্যালয় ও হাবিবপুর কলেজ মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মাঠের মাঝখানে সার্কাসের বিশাল মঞ্চ। আশপাশে হরেক রকমের দোকানের পসরা বসেছে। পাশেই বিচিত্রা অনুষ্ঠানের নামে চলছে অশ্লীল নাচ-গানের আসর। মাইকে বিকট শব্দে বাজানো হচ্ছে হিন্দি গান। আর সেই গানের তালে তালে চলছে অশ্লীল নাচ। দর্শক টানতে পর্দা উঁচু করে তা বারবার বাইরের লোকজনকে দেখানো হচ্ছে। কিছু দর্শক ও ছাত্র সেদিকে উঁকিও দিচ্ছে। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুধু জাতীয় পতাকা টাঙানো রয়েছে। কোনো শিক্ষার্থী নেই। দুজন শিক্ষক অফিসকক্ষে বসে আড্ডা দিচ্ছেন। ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষগুলোতে তালা ঝুলছে।
মেলার ইজারাদার মাহফুজার রহমান বলেন, ‘মেলা চলবে ১০ দিন। তবে তিন দিন পর থেকে লেখাপড়ার আর সমস্যা হবে না। তখন মাঠে শুধু সার্কাস আর কিছু দোকান থাকবে।’
সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ হোসেন বলেন, মেলা করার অন্য কোনো জায়গা নেই। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ব্যবহার হয়। মেলার স্বার্থে কিছুটা অসুবিধা মেনে নিতেই হয়।
হাবিবপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সাজাহান আলী বলেন, ঐচ্ছিক ছুটি থেকে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। এরপর মেলার ভিড় কমে যাবে। তখন সকালে ক্লাস নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল বলেন, ‘বিদ্যালয় মাঠে যে মেলা চলছে তা আমার জানা নেই। ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেব।’