তিন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে চলছে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়িয়ারহাট এলাকার হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবিবপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও হাবিবপুর মহাবিদ্যালয়ের পাঠদান বন্ধ করে মেলার আয়োজন করা হয়েছে। ১৮ এপ্রিল থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিনে গেলে দেখা যায়, ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হরেক রকম পণ্যের দুই শতাধিক দোকান বসেছে। শ্রেণীকক্ষগুলোতে ঝুলছে তালা। বারান্দায় দা-ছুরিসহ বিভিন্ন খেলনাসামগ্রীর দোকান বসানো হয়েছে। মহাবিদ্যালয়ের বারান্দা ঘেঁষে তৈরি করা হয়েছে হাউজি খেলার বিশাল মঞ্চ। তার পাশেই সার্কাস ও জাদু প্রদর্শনের আরও দুটি মঞ্চ। সেখান থেকে প্রায় ৫০ গজ দূরে পুতুল নাচ ও মিনি যাত্রার তিনটি মঞ্চ। এসব মঞ্চের মাইকে বিকট শব্দে হিন্দি গান বাজানো হচ্ছে। আর সেই গানের সঙ্গে চলছে অশ্লীল নৃত্য। হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ দাস বলেন, এখানে প্রতিবছর মেলা হয়ে থাকে। মেলা উপলক্ষে ছাত্রছাত্রীরা ক্লাসে উপস্থিত থাকতে চায় না। তাই মেলার এ কয়দিন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে। হাবিবপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাজাহান আলী বলেন, ‘মহাবিদ্যালয়ের সামনে হাউজির মঞ্চ করা হয়েছে এটা ঠিক। আমি করতে নিষেধ করেছিলাম। আমার কথা কে শোনে। আমি তো আর এ জন্য মারামারি করতে পারি না।’ মেলা কমিটির প্রধান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজার রহমান এ বিষয়ে বলেন, এলাকায় প্রয়োজনীয় জায়গা না থাকায় বিদ্যালয়ের মাঠেই দীর্ঘদিন ধরে মেলা বসে আসছে। এ মেলা নিয়ে এলাকাবাসী সারা বছর তাকিয়ে থাকে। হরেক রকম পণ্যের কেনাবেচা হয়। এর মধ্যে কিছুটা আনন্দ করার জন্য গান-বাজনার ব্যবস্থা করতে হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন জানান, তিনি বিদ্যালয়ের মাঠ দখল করে মেলা বসানো সম্পর্কে কোনো কিছু জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান বলেন, তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।হাবিবপুর মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ দখল করে মেলা বসানো ঠিক হয়নি। এরপর আর মাঠে মেলা বসতে দেওয়া হবে না।