তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একই সেমিস্টারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের এক জামায়াতপন্থী শিক্ষকের স্বেচ্ছাচারিতায় বিপাকে পড়েছেন ওই বিভাগের সাংস্কৃতিক কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ে ক্লাস না নিয়ে কোর্স অসমাপ্ত রাখা, থিসিস প্রেজেন্টেশন ও ফলাফল আটকে রাখাসহ ওই শিক্ষকের বিভিন্ন বিতর্কিত ভূমিকার ফলে পিএমই বিভাগের তিনটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখন একই সেমিস্টারে আটকে পড়েছেন। পিএমই বিভাগের শিক্ষার্থী সূত্র জানায়, পিএমই বিভাগের তিন শিক্ষাবর্ষের (২০০৪-০৫, ২০০৫-০৬ ও ২০০৬-০৭) শিক্ষার্থীরা এখন একসঙ্গে চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষক রাজনীতিতে সক্রিয় রয়েছেন ওই বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক। তিনি পিএমই বিভাগের প্রায় সব সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকেন এবং শিক্ষার্থীদের প্রায়ই হুমকি-ধমকি দেন। বিভাগের বিভিন্ন কোর্সের ফলাফল দীর্ঘদিন ধরে তিনি আটকে রেখেছেন। শিক্ষার্থীরা তাগাদা দিলে তিনি বলেন, ‘আমার পাস করতে সাত বছর লেগেছে। তোমরা এত তাড়াতাড়ি পাস করতে চাও কীভাবে?’ শিক্ষার্থী সূত্র আরও জানায়, ২০০৪-০৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হয় গত বছরের ২০ জুলাই। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষা গত ফেব্রুয়ারি মাসে শেষ হলেও শিক্ষার্থীরা কেবল তৃতীয় বর্ষ পর্যন্ত ফলাফল পেয়েছেন। আবার ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ মাসেই অনার্সের সমাপনী পরীক্ষায় অংশ নেবেন। কিন্তু তাঁরা কেবল তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পর্যন্ত ফলাফল পেয়েছেন।শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক সেমিস্টারের শুরুতে কয়েকটি ক্লাস নিয়ে দু-তিন মাস বিরতির পর আবার ক্লাস নেওয়া শুরু করেন। ফলে নির্দিষ্ট সময়ে কোর্স শেষ হয় না এবং পরীক্ষাও শুরু করা যায় না। এভাবে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সময় উত্তীর্ণ হওয়ার পরও আটকে আছেন একই সেমিস্টারে। অপর একটি সূত্র জানায়, জামায়াতপন্থী ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীদের হেয়প্রতিপন্ন করে শ্রেণীকক্ষে ও বাইরে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন। কিছুদিন আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে উপাচার্য বরাবর সুপারিশ করে সমালোচিত হন। এ ব্যাপারে ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অভিযোগের ব্যাপারে পিএমই বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। বিভাগীয় প্রধানের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন।’ বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরহাদ হাওলাদার বলেন, ২০০৪-০৫ শিক্ষাবর্ষের ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।