তিন শিক্ষার্থী সাত শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ চলছে মাত্র তিনজন শিক্ষার্থী নিয়ে। তিন শিক্ষার্থীর জন্য এই বিভাগে শিক্ষক আছেন সাতজন। তাঁদের চারজন প্রভাষক ও তিনজন প্রদর্শক। এসব শিক্ষক সরকারি বেতনও পাচ্ছেন। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবদুর রউফ বলেন, ‘একজন শিক্ষকের এমপিও অনুমোদনের জন্য কমপক্ষে প্রতি শিক্ষকের বিপরীতে ২৫ জন শিক্ষার্থী থাকতে হবে বলে বিধান রয়েছে। কিন্তু তিনজন শিক্ষার্থীর অনুকূলে সাতজন শিক্ষক কীভাবে সরকারি বেতন পাচ্ছেন, এটা খতিয়ে দেখা প্রয়োজন। আমরা বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ কলেজ সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামে ১৯৯৪ সালে কলেজটি স্থাপিত হয়। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে কলেজটিকে এমপিওভুক্ত করা হয়। এরপর থেকে কলেজে শিক্ষার্থীর সংখ্যাও কমতে থাকে। সূত্র আরও জানায়, কলেজের এইচএসসি বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ এবং ডিগ্রি ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগে খাতা-কলমে সর্বমোট ৫৪২ জন শিক্ষার্থী আছে। আর কলেজটিতে ৫১ জন শিক্ষক ও দুজন গ্রন্থাগারিক আছেন। বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা, গণিত, রসায়ন ও উদ্ভিদবিদ্যা বিষয়ে চারজন প্রভাষক এবং তিনজন প্রদর্শক আছেন। কিন্তু বিভাগে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে শিক্ষার্থী আছে তিনজন। ২০১০-১১ সালে এই বিভাগ থেকে দুজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে একজন পাস করেছে। গত বছরের একজনসহ বর্তমানে দ্বিতীয় বর্ষে রয়েছে দুজন শিক্ষার্থী। চলতি বছর প্রথম বর্ষে দুজন ভর্তি হয়েছিল। তাদের একজন বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে চলে গেছে। ফলে এখন প্রথম বর্ষে রয়েছে শুধু একজন শিক্ষার্থী।নাম প্রকাশ না করার শর্তে বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী বলে, ‘বিজ্ঞান বিভাগ শুধু নামেই বিভাগ। শিক্ষকেরা নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। ফলে কলেজে খুব বেশি সময় দিতে পারেন না। তাই আমরাও ঠিকমতো কলেজে আসি না।’ কলেজের সাবেক অধ্যক্ষ জামাল উদ্দিন বলেন, বিজ্ঞান বিভাগের ওই শিক্ষকেরা যখন এমপিওভুক্ত হয়েছিলেন তখন প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী ছিল। কিন্তু পরবর্তী সময়ে শিক্ষকদের দলাদলির কারণে শিক্ষার্থীর সংখ্যা কমতে শুরু করে। শিক্ষকদের এই দলাদলি বন্ধ না হলে অল্প কিছুদিনের মধ্যে অন্য বিভাগগুলোর অবস্থাও বিজ্ঞান বিভাগের মতো হবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে পড়তে উৎসাহী নয়। তাই এই করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে অন্য বিভাগগুলো নিয়ে আমরা আনন্দিত। সেসব বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী রয়েছে। বিজ্ঞান বিভাগেও শিক্ষার্থী বাড়ানোর চেষ্টা চলছে।