তিন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রিকশাচালককে মারধরের অভিযোগে গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে স্যার এ এফ রহমান হল কর্তৃপক্ষ। অবশ্য সন্ধ্যায় পুলিশ তাঁদের ছেড়ে দেয়।
এ এফ রহমান হলের একাধিক ছাত্র প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে হলের কক্ষে ডেকে নিয়ে কয়েকজন শিক্ষার্থী এক রিকশাচালককে আটকে রেখে পেটাচ্ছিলেন। এ সময় হলের কর্মচারীরা বাধা দিলে তাঁরা নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বরিশাল থেকে সদরঘাটে নেমে রিকশায় হলে আসেন। পথে ইংলিশ রোডে রিকশার চাকা নষ্ট হয়ে যায়। চাকা ঠিক করার সময় কয়েকজন যুবক ওই ছাত্রের সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। হলের প্রাধ্যক্ষ আফতাব উদ্দিন জানান, ছিনতাইয়ের ঘটনায় ওই রিকশাচালককে জড়িত সন্দেহে শিক্ষার্থীরা মারধর করেন। ছাত্রদের জেরা করা হলে তাঁদের তথ্যে অনেক অসংগতি পাওয়া যায়। তাই তিন ছাত্রকে পুলিশে দেওয়া হয়।