তিন শিক্ষার্থীকে পেটালেন ছাত্রলীগের কর্মীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা তুচ্ছ ঘটনায় তিন শিক্ষার্থীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী সূত্রে জানা গেছে, অর্থনীতি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী জাবেদ সজল একই ব্যাচের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলমগীর, ইয়াসির ও মাসুদকে ডেকে পাঠান। অসুস্থ এক ব্যক্তিকে আর্থিক সহায়তা করার জন্য হলের শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলতে হবে বলে তাঁদের ডাকা হয়। তাৎক্ষণিকভাবে তাঁরা না যাওয়ায় ১২টার দিকে সজলের নেতৃত্বে রবিউল ইসলামসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী মশাররফ হোসেন হলের কক্ষে গিয়ে তাঁদের মারধর করেন। জানতে চাইলে রবিউল ইসলাম বলেন, ‘মারধর করা হয়নি। সজলের সঙ্গে ওঁদের হাতাহাতি হয়েছে, আমরা তা থামিয়েছি।’
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি হলের প্রাধ্যক্ষ দেখেছেন।
এ বিষয়ে জানতে হলের প্রাধ্যক্ষ ওবায়দুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।