তিন শিক্ষার্থীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) নম্বর ফর্দ জাল করে কলেজে ভর্তির দায়ে তিন শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।গতকাল মঙ্গলবার একজন শিক্ষার্থীর উপস্থিতিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান তিনজনকে দণ্ড দেন। তিন শিক্ষার্থী হলেন মাহফুজুল আলম, মিজানুর রহমান ও রোজিনা আক্তার। আদালতে রায় ঘোষণার সময় মাহফুজুল আলম উপস্থিত ছিলেন।আদালত সূত্র জানায়, নম্বর ফর্দ জাল করার দায়ে তিনজনকে দণ্ডবিধির ৪৭১ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাস করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।আদালত সূত্র জানায়, মাধ্যমিক পরীক্ষার নম্বর ফর্দ জাল করে ছয়জন শিক্ষার্থী নগরের এমইএস কলেজে ভর্তি হন। কলেজের অধ্যক্ষ মো. আবদুল হাই এ ঘটনায় ১৯৯৯ সালের ১১ আগস্ট একটি মামলা করেন। মামলায় দণ্ড পাওয়া তিনজনসহ অন্য আসামিরা হলেন আলী রেজা, সোমা আচার্য ও ইয়াসমিন আক্তার। তদন্তে এই তিনজনের নাম-ঠিকানার মিল পায়নি বলে অভিযোগপত্র থেকে তাঁদের বাদ দেয় পুলিশ।আদালত সূত্র জানায়, তিন আসামির বিরুদ্ধে ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠন করা হয়। অধ্যক্ষসহ দুজনের সাক্ষ্যের ভিত্তিতে তিন আসামিকে গতকাল দোষী সাব্যস্ত করে দণ্ড দেন আদালত।