তিন শিক্ষার্থীসহ নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া-মগনামা সড়কে গতকাল ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় l প্রথম আলো
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া-মগনামা সড়কে গতকাল ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় l প্রথম আলো

আট জেলায় গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে কক্সবাজারের পেকুয়ায় এক স্কুলছাত্র, চুয়াডাঙ্গার জীবননগের স্কুলছাত্রী এবং নাটোর সদর উপজেলায় নিহত হয়েছন এক কলেজছাত্র।
এ নিয়ে গত ৩৭ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৩৩৫ জন।
সংশ্লিষ্ট এলাকা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পেকুয়ার বাইন্যাঘোনা এলাকায় একটি ট্রাক সাইফুল ইসলামের (১৩) বাইসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তাঁর বাবার নাম শফিউল আলম।
পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ছাত্র নিহতের জেরে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন দেয়। পরে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশন এলাকায় গতকাল সকালে কাভার্ড ভ্যানের চাপায় শান্তি রানী পাল (৭০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি হারবাং ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।
নারায়ণগঞ্জ বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, গতকাল ভোরে বন্দর উপজেলার লক্ষ্মণখোলা মদনগঞ্জ-মদনপুর সড়কে লেগুনার চাপায় গোলাম হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর লক্ষ্মণখোলা এলাকার মৃত আলীমুদ্দিন মিয়ার ছেলে।
নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদরের ডাল সড়ক এলাকায় গতকাল দুপুরে একটি বাস পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সুমাইয়া খাতুন (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হন। এ ঘটনায় তাঁর পরিবারের তিনজন সদস্য অহত হন।
চুয়াডাঙ্গার জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, উপজেলার উথলী রূপিরচারা বটতলা এলাকায় গতকাল দুপুরে একটি পাওয়ার টিলারের ধাক্কায় ইভা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার মো. ইজাজুল হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবীর বলেন, গতকাল সকালে আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ইব্রাহীম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। তার বাবার নাম শফিক মিয়া।
বরগুনা-নিশানবাড়িয়া সড়কের পরীরখাল এলাকায় সড়ক দুর্ঘটনায় নাজমা বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে আল আমিন মোটরসাইকেলে করে তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে বরগুনা সদরে যাচ্ছিলেন। পথে পরীরখাল আলিস্যার মোড় এলাকায় অর্থি পরিবহন নামের একটি বাস তাঁদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে তাঁর স্ত্রী নাজমা নিহত হন।
মৌলভীবাজার মডেল থানার এসআই মো. সেলিম হোসাইন বলেন, শুক্রবার বিকেলে সদর উপজেলার কাচারিবাজার এলাকায় মৌলভীবাজার-শমশেরনগর সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় সমিজা খাতুন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামে গতকাল একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাকচালক বাবুল মিয়া (৪০) নিহত হন বলে জানিয়েছেন বানিয়াচং থানার ওসি মো. মোজাম্মেল হক। বাবুল মিয়ার বাড়ি নরসিংদী জেলায়।