রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থেকে পুলিশ গতকাল বুধবার ইসলামী ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের তথ্যের ভিত্তিতে শিবিরের ভাড়া নেওয়া একটি বাসা থেকে ১৮ লিটার পেট্রল, লোহার পাইপ, কাচের বোতল, ল্যাপটপ, বেশ কিছু জিহাদি প্রচারপত্র ও আদাবর থানা শিবিরের ব্যানার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার করা শিবিরের কর্মীরা হলেন আনোয়ার হোসেন, হুমায়ুন কবির ও আসগর আলী।
পুলিশ জানায়, সকালে মোহাম্মদপুর শিয়া মসজিদের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় শিবিরের কর্মী আনোয়ার ও আসগর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে পুলিশ আদাবর থানার শেখেরটেকের ১০ নম্বর সড়কের ৫৭/২ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে শিবিরের কর্মী হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে। তিনজনের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ একই ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে পেট্রল, কাচের বোতল, লোহার পাইপ, ১০টি হেলমেট, জিহাদি প্রচারপত্র ও আদাবর থানা শিবিরের ব্যানার উদ্ধার করা হয়।
পুলিশের কর্মকর্তারা জানান, হুমায়ুন কবির বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আসগর ইনস্টিটিউট অব বিজনেস টেকনোলজির ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। তাঁরা ছাত্রশিবিরের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আদাবর থানা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক ফ্ল্যাটটি ভাড়া নিয়ে নাশকতা চালিয়ে আসছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তাঁদের পাওয়া যায়নি। ওই তিনজনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।