সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাস ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাত ও বুধবার ভোরে সিলেট মহানগরের মোগলাবাজার এবং জালালাবাদ থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা হলেন: রফিকুল ইসলাম (২৮), শাহিন আহমেদ (২৬) ও শাহরিয়ার কবির (২২)।পুলিশ জানায়, গতকাল বুধবার ভোরে রফিকুল ইসলামকে সিলেটের মোগলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শিবিরের ধর্মঘট চলাকালে নগরের দক্ষিণ সুরমা এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জালালাবাদ থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাতে সিলেট শহরের আখালিয়া এলাকা থেকে শাহিন আহমদ ও শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। শিবিরের ডাকা ধর্মঘটের সময় সিলেট মহানগরের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বাস ভাঙচুরের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিবিরকর্মী।