নরসিংদীতে অভিযান চালিয়ে পরিবেশ দূষণ করা এবং বর্জ্য ব্যবস্থাপনা না থাকার দায়ে তিনটি শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অপর একটি প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে।প্রতিষ্ঠান চারটি হলো কেটি ডায়িং অ্যান্ড ফিনিশিং মিলস, ব্রাইট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিলন টেক্সটাইল লিমিটেড এবং এইচএম টেক্সটাইল ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলস। এই চারটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটির তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নেই এবং বাকি একটির ইটিপি ত্রুটিপূর্ণ অবস্থায় পাওয়া যায়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে শিল্প এলাকা মাধবদীর ভগীরথপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিষাক্ত বর্জ্য নদীতে ফেলে পানি দূষণ করায় এবং ইটিপি না থাকায় ইউনিলন টেক্সটাইলকে ২৫ লাখ ৮০ হাজার ৪৮০ টাকা, একই অপরাধে ব্রাইট টেক্সটাইলকে ১৮ লাখ ৪৩ হাজার টাকা এবং এইচএম টেক্সটাইলকে নয় লাখ পাঁচ হাজার ৩২৮ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে ইটিপি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। কেটি টেক্সটাইলের মালিকপক্ষের কাউকে না পাওয়ায় তাঁদের এক দিনের সময় বেঁধে দিয়ে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়।অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী, একই বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান আকন্দ এবং নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমান খান।মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, সেখানকার ডায়িং, প্রিন্টিং ও ফিনিশিং কারখানাগুলোর বর্জ্যে আশপাশের নদী ও জলাশয় এতটাই দূষিত হয়েছে যে, সেখানে মাছসহ কোনো জলজ প্রাণী বাঁচতে পারবে না।