
নজরুলসংগীতে বিশেষ অবদানের জন্য শিল্পী ফাতেমা তুজ জোহরা ও শিল্পী ফেরদৌস আরা এবং নজরুলসংগীত নিয়ে গবেষণার জন্য শিল্পী লীনা তাপসী খান পেলেন ২০১৬ সালের নজরুল পুরস্কার।
জাতীয় কবির ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আলোচনা সভা ও নজরুল পুরস্কারের আয়োজন করা হয়। শিশুশিল্পীদের কণ্ঠে ‘দাও শৌর্য, দাও ধৈর্য হে উদার নাথ’ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব মো. ইব্রাহীম হোসেন খান। সভাপতিত্ব করেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য ও কবির নাতনি খিলখিল কাজী।
অনুষ্ঠানে গান করেন সালাউদ্দিন আহমেদ, মইদুল ইসলাম, শামসুন্নাহার চৌধুরী, রাহাত আরা গীতি, বদরুন্নেছা ডালিয়া, শহীদ কবির ও শারমিন সাথী ইসলাম। এ ছাড়া নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী শিল্পী ও গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের সমবেত পরিবেশনা ছিল। একক আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে নজরুলকে নিয়ে আলোচনা করেন কবি মুহম্মদ নুরুল হুদা। বক্তব্য দেন আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনালিসা দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক ভূঁইয়া।
নজরুলের ইহজাগতিকতার বোধ
কাজী নজরুলের সম্প্রীতি-সাধনার মূলে ছিল তাঁর প্রবল ইহজাগতিকতার বোধ। ভারতে যখন স্বাধীনতার সংগ্রাম পরিণত হচ্ছিল সাম্প্রদায়িক সংঘাতে, তখন নজরুল সম্প্রীতির বাণী প্রচার করেছেন, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের মুক্তিসংগ্রামের পথও অনুসন্ধান করেছেন। কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকীতে এক বক্তৃতা অনুষ্ঠানে কথাগুলো বলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
গতকাল জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে একক বক্তৃতার আয়োজন করে বাংলা একাডেমি। বিকেলে একডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘নজরুল: সম্প্রীতির সন্ধান’ বক্তৃতা করেন অধ্যাপক সৌমিত্র শেখর। এতে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘নজরুলের সমকালে এবং আজও সবাই তাঁকে নিজের কাঠামোতে অবলোকন ও ব্যাখ্যা করে। কারণ নজরুলের মতো মৌলিক ও বৃহৎ প্রতিভাকে সবাই নিজের মতো করে ভাবতে ও বিশ্লেষণ করতে চায়।’
একক বক্তৃতায় সৌমিত্র শেখর বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীজুড়েই আন্তধর্মীয় সম্প্রীতির প্রশ্নটি বড় হয়ে উঠেছে। এ ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিতে আলোকপাত করা অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ নজরুল তাঁর ব্যক্তিজীবন ও সৃজনকর্ম দিয়ে পৃথিবীর নানা ধর্ম-সম্প্রদায় ও গোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি চেয়েছেন সাম্য ও মৈত্রীময় এক সুন্দর পৃথিবী।’ সৌমিত্র বলেন, ‘সারা পৃথিবীতে যেখানে মানবতা ভূলুণ্ঠিত, পরমতসহিষ্ণুতা হিংসার আঘাতে ক্ষতবিক্ষত, সেখানে নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি এবং এর মিথস্ক্রিয়া থেকে উঠে আসা দর্শনে পাওয়া যায় মানবপ্রেমের সুস্নিগ্ধ জলপ্রপাত, পরমতসহিষ্ণুতার বাতায়ন, সৌহার্দ্যের অমিয় ধারা।’
এ বক্তৃতা অনুষ্ঠান ছাড়াও সকালে জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক দেয় বাংলা একাডেমি।