তিন শিশুকে অপহরণের চেষ্টা, দুই বোনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলায় তিন শিশু শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক নারী ও তাঁর কিশোরী ছোট বোনকে গণপিটুনি দিয়েছে জনতা। তাঁদের গণপিটুনি থেকে উদ্ধার করতে গিয়ে পুলিশও ক্ষুব্ধ জনতার রোষে পড়ে। এ সময় পুলিশের গুলিতে পাঁচজন আহত হয়।


আজ সোমবার দুপুরে উপজেলার নান্দেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার হওয়া দুজনকেই আটক করা হয়েছে। তাঁরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়ার সুমন মিয়ার স্ত্রী শিল্পী আক্তার (২৬) এবং শিল্পীর ছোট বোন কুলসুম আক্তার (১১)। দুজনেই থাকেন সাভারের আমিনবাজারে।

ধামরাই থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুর ১২টার দিকে নান্দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শিফটের শিক্ষার্থীদের ছুটি হওয়ার পর তারা বাড়ি যাচ্ছিল। এ সময় শিল্পী ও কুলসুম ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় আমজাদ হোসেনের মেয়ে আঁখি আক্তার (৬) ও লাকী আক্তার (৭) এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও আইয়ুব আলীর মেয়ে ফারজানা আক্তারকে (৮) টাকা ও পোশাক দেওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে নিয়ে যাচ্ছিলেন। স্কুল ছুটির পর বোরকা পরা দুই নারীর সঙ্গে এলাকার বাইরে শিশুদের যেতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা শিশুদের জিজ্ঞাসাবাদ করে অপহরণের ব্যাপারটি টের পায় এবং শিল্পী ও কুলসুমকে আটক করে স্কুলে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ তাঁদের শ্রেণীকক্ষে আটকে রেখে ধামরাই থানাকে খবর দেয়।

পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নান্দেশ্বরী গ্রামের বাসিন্দা আমিনুর রহমানের নেতৃত্বে দুই শতাধিক লোক শ্রেণীকক্ষের দরজা ভেঙে ওই নারী ও কিশোরীকে বাইরে এনে এলোপাতাড়ি মারধর করতে থাকে। মারধরের কারণে একপর্যায়ে তাঁরা বিবস্ত্র হয়ে পড়লে হামলাকারীদের কয়েকজন কুলসুমকে সরিয়ে নেয়। অন্যরা শিল্পীকে বিবস্ত্র অবস্থাতেই মারধর করতে থাকে। এ সময় ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে উত্তেজিত জনতা পুলিশের ওপরও হামলা চালায়। আত্মরক্ষার্থে গুলি চালিয়েও জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয় পুলিশ। পরে পাশের সাটুরিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আমিনুরের বাড়ি থেকে পুলিশ কুলসুমকে উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, পুলিশের গুলিতে নান্দেশ্বরী গ্রামের মুকছেদ আলী (৪০), আক্কাছ আলী (৪২), রেজিয়া আক্তারসহ (৩০) অন্তত পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে মুকছেদ ও আক্কাছকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁদের হাতে ও বুকে গুলি লেগেছে বলে জানা গেছে। বাকিদের ধামরাইয়ের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার প্রথম আলোকে বলেন, উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হলে আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি শান্ত করতে কয়েকটি গুলি চালাতে বাধ্য হয়। এতে দুই-একজন আহত হয়ে থাকতে পারেন।

পুলিশ হেফাজতে থাকা শিল্পী সাংবাদিকদের বলেন, অপহরণ নয়, শিশুদের প্রলোভন দেখিয়ে তাদের কাছে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া ছিল তাঁদের মূল উদ্দেশ্য। কিন্তু শিশুদের বাবা আমজাদ ও আইয়ুব আলী জানান, তাঁদের মেয়েদের গলায় ও কানে কোনো স্বর্ণালংকার ছিল না। অপহরণের উদ্দেশ্যেই তাদের নিয়ে যাওয়া হচ্ছিল।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তিন শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যেই তাঁরা এ কাজ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।