তিন শিশুকে থানায় নির্যাতনের ঘটনায় হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ থানায় তিনজন শিশুকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।গতকাল সোমবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত রোববার ‘তিন শিশুকে ছয় দিন থানায় আটকে রেখে নির্যাতন’ শিরোনামে একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। গতকাল বিষয়টি আদালতের নজরে আনেন বাংলাদেশ লিগ্যাল এইড ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম বায়েজীদ। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।জানা গেছে, ৮০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে পাখি আক্তার (৮), তার ভাই আবদুল বারেক (১০) ও ফুপাতো ভাই মিরাজুল ইসলাম (৭) নামের তিন শিশুকে আটক করা হয়।আইনজীবী বায়েজীদ প্রথম আলোকে বলেন, ‘ওই প্রতিবেদনে বলা হয়, “তিন শিশুকে থানায় আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। তাদের শুধু লাঠি দিয়ে পেটানো হয়নি, প্লাস দিয়ে আঙুলে চাপ দিয়ে রক্ত বের করা হয়। আঙুলে আলপিনও ঢোকানো হয়।” বিষয়টি আদালতের নজরে এনে বলেছি, এ ধরনের নির্যাতন অমানবিক এবং ১৯৭৪ সালের শিশু আইনের পরিপন্থী। আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন।’