তিন শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকা থেকে আজ সোমবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশি তিন শিশুকে ধরে নিয়ে যায়। বিকেলে বিএসএফ তাদের ফেরত দেয়। 

ওই তিন শিশু হলো ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ কামাল্লা গ্রামের সিরাজুল হকের ছেলে নাজিম উদ্দিন (৯), একই গ্রামের আল আমিনের ছেলে বিটু আহম্মদ (১০) ও জাফর আহম্মদের ছেলে ওসমান গণি (৯)।
বিজিবি ও এলাকাবাসীর তথ্যমতে, সোমবার দুপুরে তিন শিশু—নাজিম, বিটু ও ওসমান বাংলাদেশ-ভারত সীমান্তের ২১৩১ সীমান্ত পিলার এলাকায় খেলা করছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য তাদের সীমান্তের কাছাকাছি দেখে তাদের এলাকায় ডেকে নিয়ে আটক করে রাখে। বিএসএফ সদস্যরা তিন শিশুকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে জানায়।
বিজিবির গীতাবাড়িয়া সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নাজমুল আহসান জানান, বিকেলে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তিন শিশুকে ফেরত দেয় বিএসএফ। ওই শিশুদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম ইফতেখারও তিন শিশুকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।