তিন শিশুকে বেঁধে রাখার ঘটনায় মামলা
চাঁদপুরের হাজীগঞ্জে তিন শিশুকে বেঁধে রাখার ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে এক শিশুর বাবা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে এ মামলাটি করেন।
আসামীরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ গ্রামের মিজানুর রহমান (৪৮) ও তাঁর স্ত্রী জোসনা বেগম (৩৭)।
ফসলি জমি থেকে আলু চুরির অভিযোগে গত বৃহস্পতিবার বিকেলে সবজি ব্যবসায়ী মিজানুর রহমান তিন শিশুকে বাড়িতে নিয়ে খড়ের গাদার সাথে বেঁধে রাখেন। তিন শিশু হলো- উপজেলার এনায়েতপুর গ্রামের সিয়াম (১১), জিদান (১২) ও সিয়ামের খালতো বোন সুবর্ণা আক্তার (১১)। জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম বলেন, তিন শিশুকে নির্যাতনের ঘটনায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এসেছে। আজ দুপুরে শিশু সিয়ামের বাবা বিল্লাল হোসেন মামলা করেছেন। আসামিরা পলাতক। তাঁদের ধরার চেষ্টা চলছে।