দেশের বিভিন্ন স্থানে গত সোমবার সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছে। এসব দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: কিশোরগঞ্জ: সাদুল্লারচরে যাত্রীবাহী বাস উল্টে মারা গেছে পিংকি নামে আট মাসের এক শিশু। আহত হয়েছে অর্ধশত। রাত সাড়ে নয়টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের সাদুল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত যাত্রীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নেত্রকোনার কলমাকান্দায় ফিরছিল। নিহত শিশুটি কলমাকান্দা গ্রামের বিমল সাহার মেয়ে। একই সময় কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকায় মালবোঝাই ট্রাকের চাপায় মারা গেছেন শিপন (২৫) নামের এক ব্যক্তি।গোয়ালন্দ (রাজবাড়ী): বিকেলে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফরিদপুরগামী একটি বাসের চাপায় মমিন ব্যাপারী (৭) নামে এক শিশু মারা গেছে। সে বাহিরচর দৌলতদিয়া শাহাদত মেম্বারপাড়ার মালেক ব্যাপারীর ছেলে।বাগমারা (রাজশাহী): বিকেল পাঁচটার দিকে ভবানীগঞ্জ-বান্দাইখাড়া সড়কের খালিশপুর নামক স্থানে একটি ভটভটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেলে মোটরসাইকেলচালক হিরো (৩২), ভটভটিচালক মকলেছুর রহমান (৪০) ও অজ্ঞাত এক ব্যক্তি আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর ভটভটিচালক আত্রাই উপজেলার দ্বীপচানপুর গ্রামের মকলেছুর রহমান মারা যান। শিবগঞ্জ (বগুড়া): উপজেলার আটমূল-বগিলাগাড়ী সড়কে দুর্ঘটনায় নবাব আলী (৩০) নামের এক তরুণ প্রাণ নিহত হয়েছেন। তিনি উপজেলার দোপাড়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানান, নবাব আলী মোটরসাইকেল চালিয়ে গ্রামের কাছে আসতেই বগিলাগাড়ীমুখী একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। সখীপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের পাহাড়কাঞ্চনপুর বিমানবাহিনী ঘাঁটিতে অবস্থিত বিএফ শাহীন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ফয়সাল (৮) দুপুর দুইটার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে নলুয়া সড়কে একটি যাত্রীবাহী বাস তাকে থাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাবার নাম দেলোয়ার হোসেন।