ঢাকার আশুলিয়ায় গত বৃহস্পতিবার নির্মাণাধীন একটি কারখানার ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে তিন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদীর জাহাঙ্গীর আলম (৫৫), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের জালাল উদ্দিন (৫৫) ও শহীদুল ইসলাম (৪৫)। শহীদুলের বাড়ির ঠিকানা জানা যায়নি।
কারখানাটির মালিক শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং সামসুল হক ব্যাপারী বলে পুলিশ জানিয়েছে।
আশুলিয়া থানার পুলিশ ও বেঁচে যাওয়া শ্রমিকসহ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাইমল ফুডস অ্যান্ড ড্রিংকস নামের নির্মাণাধীন কারখানাটির একাংশে গত বৃহস্পতিবার একতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কাজ চলাকালে বেলা দেড়টার দিকে ওই ছাদ ধসে পড়লে তিন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করেন।
প্রতিষ্ঠানের অফিস সহকারী আবদুল মালেক বলেন, বাঁশের খুঁটি, কাঠ ও ঢালাই সামগ্রীর নিচে চাপা পড়ে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। শহীদুল ও জালালকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। বাকিরা দৌড়ে বের হয়ে যান।
ঘটনার সময় ছাদের ওপর কাজ করছিলেন নিহত জালালের প্রতিবেশী আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নিহত ব্যক্তিরাসহ পাঁচ শ্রমিক ছাদের নিচে কাজ করছিলেন। আর তিনিসহ ছয় শ্রমিক ছিলেন ছাদের ওপর। ছাদ ধসে পড়ার পর ওপরে থাকা সবাই রডের খাঁচায় আটকে যান। এ কারণে তাঁরা বেঁচে গেছেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, সাটারিং দুর্বল হওয়ার কারণে ছাদ ধসে পড়ে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম শামীম হাসান বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় মামলা করা সম্ভব হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে জিডি করে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে মামলা নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।