তিন শ্রমিককে পিটিয়ে আহত করায় চার পুলিশ প্রত্যাহার
ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে তৈরি পোশাক কারখানার তিন শ্রমিককে পিটিয়ে আহত করায় পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার তাঁদের প্রত্যাহার করে মিলব্যারাক পুুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হয়েছে।প্রত্যাহারকৃতরা হলেন আমিনবাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক শেখ শাহিনুর রহমান, হাবিলদার মিরাজ হোসেন, কনস্টেবল সুরুজ্জামান ও আবু সাঈদ।সাভারের হেমায়েতপুরে অবস্থিত একেএইচ গ্রুপের জেনারেল ম্যানেজার ফরিদুল আলম বলেন, গতকাল বুধবার সকাল আটটার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে সাভারে আসার পথে তাঁর কারখানার শ্রমিকবাহী একটি বাস (ঢাকা মেট্রো-চ ২৭৯৭) আমিনবাজার বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে ট্রাকশ্রমিকেরা বাসের চাবি কেড়ে নিয়ে যান। এ সময় পুলিশ এসে শ্রমিকবাহী বিকল বাসটি সড়ক থেকে ঠেলে রাস্তার পাশে নিয়ে যাওয়ার জন্য শ্রমিকদের নির্দেশ দেয়। কিন্তু ইলিয়াস হোসেন (২৫) নামের এক শ্রমিক হাতে ব্যথার অজুহাতে বাস ঠেলতে অস্বীকার করায় পুলিশ তাঁকে বেধড়ক লাঠিপেটা করে। এরপর পুলিশ বাসের ভেতরে ঢুকে নারী শ্রমিকদেরও লাঠিচার্জ করে। লাঠিচার্জে আহত হন পোশাকশ্রমিক মেঘলা (২২) ও অপারেটর মধুবালা (২০) নামের আরও দুজন। লাঠিচার্জে আহত শ্রমিক ইলিয়াস হোসেনকে গুরুতর অবস্থায় স্থানীয় ল্যাব জোন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেঘলা ও মধুমালাকে হেমায়েতপুর একেএইচ গ্রুপে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফরিদুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ অহেতুক তাঁর শ্রমিকদের মারধর করেছে। ট্রাকের শ্রমিকদের কিছুই বলেনি।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে প্রাথমিক তদন্ত করে জেলা পুলিশ সুপারের নির্দেশে চারজনকে প্রত্যাহার করে মিল ব্যারাক পুুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হয়েছে।