নারায়ণগঞ্জে রেলওয়ের কলোনি উচ্ছেদ অভিযানকালে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মোটর মেকানিক্স ইউনিয়নের তিন নেতাকে আসামি করার পর এবার সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে আসামি করা হয়েছে। কাউন্সিলর খোরশেদ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ছোট ভাই। গত বুধবার বিএনপি আহূত দেশব্যাপী হরতালে শহরের মণ্ডলপাড়া এলাকা থেকে হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে খোরশেদকে গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে গত ১২ মে নারায়ণগঞ্জ রেলস্টেশনে উচ্ছেদ অভিযান চলাকালে পুলিশের সঙ্গে কলোনিবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।এর আগে গত ১৫ মে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রধান অতিথি করায় পুলিশের মামলায় নারায়ণগঞ্জ জেলা মোটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের শহর শাখার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তালুকদার ও আনোয়ার হোসেন খোকনকে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় আসামি করা হয়। গত ৫ মে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে মে দিবস উপলক্ষে ইউনিয়নের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।গতকাল শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে সচেতন নারায়ণগঞ্জবাসী ব্যানারে আয়োজিত গণসমাবেশে বক্তারা ওয়ার্ড কাউন্সিলর মাকসুুদুল আলম খন্দকার খোরশেদকে রেলওয়ের উচ্ছেদের ঘটনায় পুলিশের দায়েরকৃত মিথ্যা মামলায় আসামি করায় নিন্দা ও ক্ষোভ জানানো হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, রেলওয়ে উচ্ছেদের ঘটনায় পুলিশের ওপর হামলার উসকানিতে তিনি সম্পৃক্ত ছিলেন। এ কারণে তাঁকে এই মামলায় আসামি করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে যাদের নাম পেয়েছে তাদেরই আসামি করেছে।