তিন শ্রেণীকক্ষে দৌড়ে দৌড়ে পাঠদান
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের মোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে একজন শিক্ষককে একইসঙ্গে তিন শ্রেণীকক্ষে দৌড়ে দৌড়ে পাঠদান করতে হচ্ছে।সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, দোতলা বিদ্যালয় ভবন। দোতলায় সিঁড়ির দুই পাশে তিনটি শ্রেণীকক্ষ। তিন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০০। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষে কোনো শিক্ষক নেই। শিক্ষক না থাকলেও দুই শ্রেণীর শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়ছিল। চতুর্থ শ্রেণীর রিমা জানাল, ‘স্যার নাই। আপা পড়া দেখিয়ে দিয়ে পাশের কক্ষে ক্লাস নিতে গেছেন।’ পঞ্চম শ্রেণীতে ক্লাস নিচ্ছিলেন একজন নারী শিক্ষক। বারান্দায় কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা গেল, ওই শিক্ষক আঞ্জুমান আরা বিদ্যুদ্বেগে ছুটে গেলেন তৃতীয় শ্রেণীতে। তিনি যখন তৃতীয় শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন, তখন পঞ্চম শ্রেণীতে গিয়ে দেখা গেল, শিক্ষার্থীদের ‘আমাদের বিদ্যালয়’ বিষয়ে রচনা লিখতে দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোসলেমা বলে, ‘আপায় রচনা লিখতে বলে গেছেন, একটু পর এসে খাতা দেখবেন।’শিক্ষক আঞ্জুমান আরা বলেন, ‘প্রধান শিক্ষক ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে সঙ্গে নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গেছেন। সেখানে গোটা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের নিয়ে সভা হওয়ার কথা। ১৬৮ শিক্ষার্থীর এ বিদ্যালয়ে শিক্ষকের পদ ছয়টি। প্রধান শিক্ষককে প্রায়ই অফিসের কাজে উপজেলা সদরে যেতে হয়। ফলে, একাই সামাল দিতে হয় সব ক্লাস। অনেক সময় দুপুরের খাওয়ার সময়ও পার হয়ে যায়। এর মধ্যে বদলির আদেশ হওয়ায় দু-একদিনের মধ্যে আমিও চলে যাব।’কয়েক দিন পর গত মঙ্গলবার আবার বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক উমির উদ্দিন আহম্মেদ বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষকের পদ ছয়টি। এর মধ্যে কাগজে-কলমে আমাকেসহ তিনজন আছেন। গত জুলাই মাসে শিক্ষক আঞ্জুয়ারা খাতুন মাতৃত্বকালীন ছুটিতে গেছেন। অবশিষ্ট দুজনের মধ্যে আঞ্জুমান আরারও বদলির আদেশ হয়েছে। দু-একদিনের মধ্যে তিনিও চলে যাবেন। আমি একা গোটা বিদ্যালয় কী করে সামলাব, সেটাই ভাবছি। জরুরি কাজ কিংবা সভা থাকলে বিদ্যালয় ছুটি দেওয়া ছাড়া কোনো উপায় নাই।’কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘উপজেলায় বর্তমানে শিক্ষকের ৪৭টি পদ শূন্য। ওই বিদ্যালয়ে তিনজন শিক্ষক থাকলেও সম্প্রতি এক নারী শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে এবং অন্যজন জামালপুরে বদলি হয়ে যাওয়ায় সমস্যা প্রকট হয়েছে। সংকট মোকাবিলায় অন্য বিদ্যালয় থেকে একজন শিক্ষককে প্রেষণে সেখানে পাঠানোর কথা চিন্তা করা হচ্ছে।’