তিন সংখ্যালঘুকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া পূর্ব বড়ুয়াপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে সংখ্যালঘু পরিবারের এক নারীসহ তিনজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। টিউবওয়েল চুরির প্রতিবাদ করায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ধারালো কিরিচের কোপে মাস্টার বিধুভূষণ বড়ুয়ার ছেলে পিপলু বড়ুয়া (২০), চিকিৎসক প্রমোদ বড়ুয়ার ছেলে প্রবীর বড়ুয়া (২৫) ও তাঁর মা বিটু বড়ুয়া গুরুতর আহত হন। পিপলুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে তাঁদের পরিবারের সন্তোষ বড়ুয়ার ছেলের বিয়ে উপলক্ষে মেহেদি অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের খরুলিয়া সিকদারপাড়ার দুর্বৃত্ত আবদুল কাদের ও আবদুস সালাম তাঁদের বাড়ির টিউবওয়েলটি চুরি করে নিয়ে যায়। টিউবওয়েল নিয়ে যাওয়ার পর তারা ধারালো কিরিচ ও লোহার রড নিয়ে পাড়ায় মহড়া দিতে থাকে। একপর্যায়ে বিয়েবাড়ির লোকজন চুরির ঘটনার প্রতিবাদ জানালে তারা প্রবীর বড়ুয়াকে ধারালো কিরিচ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছয়-সাতটি কোপ দেয় এবং পিপলু বড়ুয়ার দুটি আঙুল হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে মা বিটু বড়ুয়াকেও মারধর করে দুর্বৃত্তরা। কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। বিয়েবাড়িতে ভোর পর্যন্ত পুলিশ ছিল। বিয়ে অনুষ্ঠানে যাতে কোনো সমস্যা না হয়, সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।