তিন সংস্থার মাধ্যমে মূল্যায়নে পদক্ষেপ নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মুঠোফোন অপারেটর কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত বিকিরণের মাত্রা এবং তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, তা নিরূপণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ তিনটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিশেষজ্ঞ মূল্যায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে নেওয়া প্রাথমিক পদক্ষেপ ও অগ্রগতি জানিয়ে ১০ এপ্রিল প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। একই সঙ্গে বিকিরণ নিয়ন্ত্রণ বিষয়ে গাইডলাইন (নীতিমালা) তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনও ১০ এপ্রিল দাখিল করতে বলা হয়েছে। আদালত বলেছেন, চার বছর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে। এতে বিকিরণ নিয়ে যে তথ্য এসেছে, তা আশঙ্কাজনক।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা সম্পূরক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। অপর দুটি সংস্থা হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও ইন্টারন্যাশনাল কমিশন অন নন-আয়নাইজিং রেডিয়েশন প্রটেকশন।

সম্পূরক আবেদনের শুনানিতে ২২ মার্চ রাষ্ট্রপক্ষ এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির ২০১৩ সালের একটি প্রতিবেদনের তথ্য জানায়। সেদিন আদালত তা হলফনামা করে রাষ্ট্রপক্ষকে দাখিল করতে বলে ২৮ মার্চ দিন রাখেন।