তিন সঙ্গী ধরা পড়ার পর চিকদাইর ছাড়ছে টিয়ার ঝাঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর গ্রামে ‘নবান্নের নিমন্ত্রণে’ ঝাঁকে ঝাঁকে আসা টিয়াপাখি হঠাৎ করেই চলে যেতে শুরু করেছে। গত রোববার এক কিশোর তিনটি টিয়া পাখি ধরে খাঁচায় বন্দী করার পর থেকে পাখিগুলো এলাকা ছাড়তে শুরু করেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। গতকাল সোমবার বিকেলে ওই গ্রামে সব মিলিয়ে চার-পাঁচ শ টিয়াপাখি দেখা গেছে। অথচ এক সপ্তাহ ধরে এখানে ৪০ থেকে ৫০ হাজার টিয়াপাখি আশ্রয় নিয়েছিল। জানা গেছে, চিকদাইর গ্রামের গুইয়ারবাড়ী এলাকার মো. সেলিমের ছেলে আবদুর রহিম (১০) গত রোববার বেলা তিনটার দিকে লইগ্যা বিলে ঘাস কাটছিল। এ সময় পাশের পাকা আমন ধানের খেতে কয়েক হাজার টিয়ার ঝাঁক বসে। রহিম তার গায়ের জামা খুলে জমির একপাশে টিয়ার ঝাঁকের ওপর চেপে ধরে। প্রথম দফায় সে একটি টিয়াপাখি ধরে ফেলে। আবদুর রহিম বলে, ‘প্রথমে একটি ধরার পর আরেকটি জমি থেকে একই কায়দায় আরও দুটি টিয়া ধরে ফেলি। পরে ওগুলো বাড়িতে নিয়ে গিয়ে খাঁচায় বন্দী করে রাখি।’ এই ঘটনার পর টিয়ার কয়েকটি ঝাঁক ওই জমির ওপর চক্কর দেয়। পরে তারা চলে যায়। এর পর থেকে চিকদাইর গ্রাম থেকে টিয়াপাখি চলে যেতে শুরু করে। আশপাশের গাছে আশ্রয় নেওয়া টিয়াপাখির সংখ্যা গতকাল সকাল হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে কয়েক হাজারে নেমে আসে। বিকেলে আনুমানিক ৫০০-এর বেশি টিয়াপাখি দেখা যায়নি। স্থানীয় ব্যবসায়ী সিদ্দিক আরাফাত বলেন, ‘আমন ধান তোলার মৌসুমে তিন বছর ধরে এই গ্রামে টিয়াপাখি আসছিল। কোনো সময় কেউ তাদের ক্ষতি করেনি। এবার তিনটি টিয়াপাখি ধরার পর তারা গ্রাম ছেড়েছে।’পাখি বিশেষজ্ঞদের মতে, টিয়াপাখি খুবই স্পর্শকাতর। ঝাঁকে ঝাঁকে তারা বিভিন্ন নিরুপদ্রব এলাকায় আশ্রয় নেয়। যদি ওই জায়গায় কোনো কারণে মানুষের উৎপাত বাড়ে তাহলে ওই স্থান ত্যাগ করে এবং পরবর্তী সময়ে সেখানে আর যায় না।’