তিন সচিব পদে নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব পদে নতুন তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে অর্থসচিব করা হয়েছে বাণিজ্যসচিব মাহবুব আহমেদকে, স্বরাষ্ট্রসচিব হয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান এবং বাণিজ্যসচিব পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমান অর্থসচিব ফজলে কবির ৩ জুলাই ও স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ ৮ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। এ ছাড়া আজ পিআরএলে যাচ্ছেন বেসরকারীকরণ কমিশনের সদস্য রোকেয়া সুলতানা।

অর্থ ও স্বরাষ্ট্রসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন, এ নিয়ে কিছুদিন ধরেই সচিবালয়জুড়ে আলোচনা চলছিল। এ অবস্থায় তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আজ এ তিন সচিব নিয়োগ পেলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে অবসরে যাচ্ছেন কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ সরকারের ১০ জন সচিব। পরের ছয় মাসে যাবেন আরও ১০ জন। শীর্ষ পর্যায়ে কাছাকাছি সময়ে এতগুলো পদ ফাঁকা হতে চলায় এর প্রভাব পড়েছে জনপ্রশাসনে। একই সঙ্গে এসব পদ পাওয়া নিয়ে চলছে হিসাব-নিকাশ।