তিন সচিবসহ ছয় কর্মকর্তাকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে খাদ্যসচিব বরুণ দেব মিত্র, সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ ও অর্থসচিব মোহাম্মদ তারেকসহ ছয় কর্মকর্তাকে তলব করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি তাঁদের হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। অন্য তিন কর্মকর্তা হলেন: খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান, পরিচালক (প্রশাসন) ইলাহী দাদ খান এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব নাসিমা বেগম। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এক আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত অবমাননার দায়ে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জানা যায়, খাদ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা মো. আজিজুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা থাকার অভিযোগে ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর ইলাহী দাদ খান তাঁকে সুযোগ-সুবিধা না দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে আজিজুর রহমান হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ আগস্ট আদালত ৩০ দিনের মধ্যে তাঁকে ছুটি ও পেনশনসহ অন্য সব অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেন। এ নির্দেশনা অনুসরণ না করায় আজিজুর রহমান হাইকোর্টে আদালত অবমাননার আবেদনটি করেন। এর ওপর শুনানি শেষে আদালত গতকাল এ আদেশ দেন।