কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে সৈকত দখল করে রাস্তা তৈরির কাজ বন্ধ এবং অবৈধ দখলদারের কবল থেকে সৈকত রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ সাত দিনের মধ্যে জানানোর জন্য তিন সচিবসহ বিভিন্ন দপ্তরের ১০ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছে সংগঠনটি।জানা গেছে, পরিবেশ ও বন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের আঞ্চলিক কর্মকর্তা ও স্বপ্নীল প্রাইভেট হেরিটিজ বে প্রপার্টিজ লিমিটেডের পরিচালককে ডাকযোগে গত বৃহস্পতিবার ওই নোটিশ পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বেলার আইনজীবী তাসলিমা ইসলাম। তবে গতকাল শুক্রবার পর্যন্ত কক্সবাজারের কোনো কর্মকর্তা নোটিশ পাননি বলে জানা গেছে।নোটিশে বলা হয়, বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকতের নির্মল জলরাশি ও সমৃৃদ্ধ জীববৈচিত্র্যকে অবক্ষয় ও অপরিকল্পিত কার্যকলাপ থেকে রক্ষার জন্য সরকার ১৯৯৯ সালে এই সমুদ্রসৈকতকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। অথচ সৈকতের কলাতলী পয়েন্টে সাবমেরিন কেবেলর ল্যান্ডিং স্টেশনের কাছে সমুদ্রের তলদেশ থেকে মেশিন দিয়ে বালু তুলে এবং পাহাড় কাটার মাটি দিয়ে রাস্তা তৈরি করছে ‘সি-ওয়েভ’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সম্প্রতি বেলার চট্টগ্রাম প্রতিনিধি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে সৈকতে রাস্তা নির্মাণের সত্যতা পান। ওই স্থানে রাস্তা তৈরি করা হলে সৈকত দ্বিখণ্ডিত হয়ে পড়বে এবং পর্যটকদের কাছে সৈকত আকর্ষণ হারাবে। তা ছাড়া সমুদ্রের তলদেশ থেকে বালু তোলার ফলে ওই এলাকার সৈকতে ভাঙন ত্বরান্বিত হবে। হুমকির মুখে পড়বে সাবমেরিন কেবেলর সংযোগ লাইন।নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে রাস্তা তৈরির কাজ বন্ধ এবং সৈকত রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি বেলাকে অবগত করতে অনুরোধ করা হয়; অন্যথায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি প্রথম আলোকে বলেন, ‘সৈকতে রাস্তা নির্মাণের ঘটনায় আমাকে অভিযুক্ত করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। নোটিশ পেলে জবাব দেওয়া হবে।’