কক্সবাজারের রামু উপজেলায় ক্লাব নির্মাণের জন্য পাহাড় কেটে কয়েক শ একরের তিনফসলি ধানের জমি ভরাট করার ঘটনায় কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা জানাতে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।জানা গেছে, বেলার আইনজীবী ইকবাল কবির গত মঙ্গলবার একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে ভূমি, পরিবেশ ও বন এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের তিন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক, কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রামুর সহকারী কমিশনারসহ (ভূমি) ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যরা হলেন, ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাবের চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক জি এম সারোয়ার ও দীবু প্রসাদ আর প্যাটেল।নোটিশে বলা হয়, রামু উপজেলার দক্ষিণ মিঠাইছড়ি ইউনিয়নের চাইন্দা মৌজায় (কক্সবাজার-টেকনাফ মহাসড়ক লাগোয়া) প্রায় ২২০ একর কৃষিজমিতে ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট নামে একটি ক্লাব নির্মাণ করা হচ্ছে। জমিগুলো তিনফসলি কৃষিজমি। জমিগুলো ভরাট করার জন্য এলাকার বিভিন্ন পাহাড় থেকে মাটি নেওয়া হচ্ছে। সম্প্রতি এ নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় ২০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে বর্ষায় পানিবন্দী থাকতে হবে এবং প্রায় ১০ হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাবে। এতে পরিবেশ হুমকির মুখে পড়বে।বেলার চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে জানান, মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে জবাব না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি বেলার নোটিশ পাননি বলে জানান।ক্লাব নির্মাণের বিষয়ে জেলা প্রশাসক বলেন, কোনো ধরনের অনুমোদন ছাড়াই ক্লাবটি নির্মাণ করা হচ্ছে। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে এখন ক্লাবের নির্মাণকাজ বন্ধ রয়েছে।এ প্রসঙ্গে জানার জন্য গতকাল অ্যামিউজমেন্ট ক্লাবের পরিচালক জি এম সারোয়ারকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।তবে প্রকল্পের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন কিছুদিন আগে প্রথম আলোকে বলেছিলেন, ৪০০ বিঘা জমি কিনেই তিনি ১৫০ বিঘা জমিতে আন্তর্জাতিক অ্যামিউজমেন্ট ক্লাব, আর ১৫০ বিঘা জমিতে ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি করছেন। সরকারের পর্যটন মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েই এই কাজ হচ্ছে।