কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে রাস্তা নির্মাণের কারণ জানতে চেয়ে তিন মন্ত্রণালয়ের সচিবসহ ১৫ জনের বিরুদ্ধে আইিন নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
বেলার আইনজীবী মো. ইকবাল কবীর গতকাল মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান। নোটিশে পাহাড় কাটা বন্ধের দাবি করা হয়। মো. ইকবাল কবীর বলেন, নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে বেলাকে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যাঁদের কাছে জবাব চাওয়া হয়েছে, তাঁদের মধ্যে ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিন সচিব আছেন। বাকিরা হলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজার জেলা প্রশাসক, চট্টগ্রাম বন সংরক্ষক, কক্সবাজার বিভাগীয় (উত্তর) বন কর্মকর্তা, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম পরিচালক, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
নোটিশে বলা হয়েছে, আইন অনুযায়ী পাহাড় কাটা এবং সংরক্ষিত বনে সব ধরনের কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। তা ছাড়া রাস্তা নির্মাণের আগে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। রামু বাঁকখালী বিটের অন্তর্ভুক্ত দক্ষিণ কচ্ছপিয়া থেকে মহিষকুম পর্যন্ত স্থানে অত্যাধুনিক যন্ত্র দিয়ে সংরক্ষিত বনের পাহাড় কেটে বনাঞ্চলের ভেতর দিয়ে সড়ক নির্মাণের কাজ চলছে। সাড়ে তিন কিলোমিটার লম্বা রাস্তা নির্মাণ সম্পন্ন করতে আরও কয়েকটি পাহাড় কাটার প্রস্তুতি চলছে। বেলা প্রতিনিধি সরেজমিনে পাহাড় কেটে রাস্তা নির্মাণের সত্যতা পেয়েছেন।
বেলার নোটিশে আরও উল্লেখ রয়েছে, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবৈধ রাস্তা নির্মাণের জন্য এক কিলোমিটার সংরক্ষিত বন কেটে পরিষ্কার করেন এবং পাহাড় কেটে সমান করার কাজ চালাচ্ছেন। এতে ধ্বংসের মুখে পড়েছে তিন হাজার ২৭০টি গাছ। বিলুপ্ত হবে সাপ, শেয়াল, হরিণ, মেছো বাঘ, বনমোরগসহ নানা প্রজাতির প্রাণী।
কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা শাহী-ই-আলম বলেন, বেলার নোটিশ হাতে পৌঁছেনি। তবে পাহাড় কেটে রাস্তা নির্মাণ বন্ধ করা হয়েছে।
১০ জানুয়ারি দৈনিক প্রথম আলোতে ‘রামুতে পাহাড় কেটে সড়ক নির্মাণ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কেটে ওই রাস্তাটি তৈরি করছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন।