বিকল্প পরিবহনব্যবস্থা চালু না করে খুলনার প্রধান তিনটি সড়কে ইজিবাইক গতকাল শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ অবস্থায় একেবারে বন্ধ না করে ইজিবাইক নিয়ন্ত্রণের পক্ষে মতো দিয়েছেন অনেকে।
খুলনা নগরে ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে ১১ মে খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক যৌথ সভা হয়। সেখানে ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজার করার পাশাপাশি রূপসাঘাট-পিটিআই মোড়, রয়েল মোড় থেকে ফেরিঘাট হয়ে জোড়াগেট পর্যন্ত এবং রূপসা ট্রাফিক মোড় থেকে স্ট্যান্ড রোড-কয়লাঘাট-কাস্টমঘাট এবং জিলা স্কুলের সামনে থেকে পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা মোড় হয়ে ফেরিঘাট পর্যন্ত ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হয়। ওই সভায় দুটি পথে চলাচল বন্ধের সিদ্ধান্ত হলেও খুলনা মহানগর পুলিশ কেডিএ অ্যাভিনিউতে ইজিবাইক চলাচল বন্ধে মাইকিং করে। গতকাল শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
গতকাল পুরোনো যশোর রোড ছাড়া বাকি দুটি সড়ক বেশ ফাঁকা দেখা যায়। কিছু রিকশা চললেও চালকেরা ভাড়া হেঁকেছে তিন থেকে চার গুণ বেশি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মানুষের হেঁটে চলাও কষ্টের ছিল। এতে পথ চলতে দুর্ভোগ পোহাতে হয়।
কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলে জানা যায়, ফুলতলা থেকে রূপসাঘাট পর্যন্ত পথে গণপরিবহন চলে। তা-ও অনিয়মিত। অন্য পথগুলোয় মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ইজিবাইক ও রিকশা। কিন্তু ইজিবাইকের অনিয়ন্ত্রিতভাবে চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গুরুত্বপূর্ণ মোড়গুলোয় লেগে যায় যানজট। এ কারণে ইজিবাইক নিয়ন্ত্রণের দাবি দীর্ঘদিনের। কিন্তু ইজিবাইক বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে মানুষ।
সকালে নগরের ময়লাপোতা মোড়ে কথা হয় ব্যবসায়ী দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ইজিবাইকের কারণে যানজট-দুর্ঘটনা লেগেই থাকে। বন্ধ করার পর বিপদ আরও বেড়েছে। নিয়ন্ত্রণ না করে বন্ধ কেন করল বুঝলাম না!’
বিকেলে টুটপাড়া কবরখানার মোড় থেকে ময়লাপোতায় পড়তে যাওয়ার জন্য তিন-চারজন শিক্ষার্থী অপেক্ষা করছিল। তারা জানায়, এখান থেকে প্রতিদিন তারা পাঁচ টাকা দিয়ে পড়তে যায়। কিন্তু আজ (শুক্রবার) ৩০ টাকা রিকশা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তা-ও অনেকক্ষণ অপেক্ষার পর।
জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ইজিবাইক বন্ধ নয়, নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দিনে পরীক্ষামূলকভাবে সড়কে ইজিবাইক চলাচল বন্ধ করা হয়েছে। নিয়ন্ত্রণের জন্য রোজার মধ্যে একটা নীতিমালা করে ফেলা সম্ভব হবে।’
খুলনা মহানগর পুলিশের মুখপাত্র ও স্পেশাল ব্রাঞ্চের এডিসি মনিরুজ্জামান মিঠু বলেন, ইজিবাইক চলাচল বন্ধের জন্য ফেরিঘাট, ময়লাপোতা ও রূপসাঘাটে চৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে। এই তিন মোড় থেকে ইজিবাইক ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রথম দিনে কাউকে আটক করা হয়নি।