তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্রের বাইরের একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কমিটি তিন কার্য দিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি-সংক্রান্ত প্রতিবেদন দেবে।
গত রোববার বিকেলে ওই অগ্নিকাণ্ডের পর থেকে শিকলবাহা ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবদুল খালেককে। কমিটির অপর দুই সদস্য হলেন রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কানাই চন্দ্র দাশ ও শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. আবুল বশর।
তদন্ত কমিটির প্রধান আবদুল খালেক গতকাল বলেন, ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটিও আগামীকালের (আজ) মধ্যে বিকল্প ব্যবস্থায় চালু করার চেষ্টা চলছে। তদন্তের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।
৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের বাইরের একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের কারণে দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলাসহ কক্সবাজার ও বান্দরবানে রোববার বিকেল থেকে প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল না।