তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলায় গত বৃহস্পতিবার বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত পান্তা-ইলিশ উৎসবের খাবার খেয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছে। ঘটনা তদন্তে প্রশাসন তিন সদস্যের কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ২৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অসুস্থ ব্যক্তিরা পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানার অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন। লক্ষণ অনুযায়ী তাঁরা খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্যালাইনসহ বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে আসা এসব রোগীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
স্থানীয় লেডিস ক্লাবে আয়োজিত ওই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য, পুলিশ, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীসহ তিন শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা সদরের একটি রেস্তোরাঁ থেকে ওই অনুষ্ঠানের জন্য খাবার সরবরাহ নেওয়া হয়েছিল। খাদ্যতালিকায় ছিল পান্তাভাত, ইলিশ মাছ, ডাল, আলু ও চিংড়ি ভর্তা এবং বেগুন ভাজা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুর রশীদ জানান, ঘটনা তদন্তে প্রাণিসম্পদ কর্মকর্তা দেবেন্দ্রনাথ সরকারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী রানী ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস দাস।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অসুস্থ ব্যক্তিদের মধ্যে ২৪ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন স্থানীয় কলেজশিক্ষক বনি আমিন (৪৪), মাধ্যমিক শিক্ষক শিরিনা খানম (৪৬), প্রাথমিক শিক্ষক কমল কৃষ্ণ (৪০), সাংবাদিক জাহিদুল ইসলাম (৪২), ইউএনওর কার্যালয়ের এমএলএসএস মহিদুল ইসলাম (৪৫), প্রাথমিক শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তার মেয়ে সাঈদা (৬), মো. দেলোয়ার হোসেন (৩৩), বর্ণালী হালদার (১৪), আল আমিন (২১), আল আমিন (৪৫), নূপুর (৪০), মিনা (৩৫), শামীমা (১৫), জোবেদা (৭৫), জেসিকা (১০), ফাহমিদা (৭), মফিজুল ইসলাম (৩৫), তানিম শিকদার (১০), মিম (১৩), মর্জিনা (৩৫), সৈকত (১৩), শাহিনুর (১২), শামিমা (১৫) ও সাঈদা (৬)।
এ ছাড়া স্থানীয় সাংবাদিক নিয়াজ ইকবাল দম্পতি, ইউএনওর স্ত্রী, কচুয়া থানার চারজন পুলিশ সদস্যসহ আরও অন্তত ২০-২৫ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তাপস দাস ও কচুয়া থানার ওসি শমসের আলী জানান, পান্তা-ইলিশ অনুষ্ঠানে অংশ নেওয়া কিছু ব্যক্তি ও কয়েকজন পুলিশ সদস্যকে হাসপাতালের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে।