তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যে ‘ঘর-বাণিজ্য’ বিষয়ে অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। কমিটিকে ২০ মের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু সাফারী পার্কের রেঞ্জ কর্মকর্তা নুরুল হুদাকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা সহিদুল আলম সরকার এবং অভয়ারণ্যের চুনতি বিট কর্মকর্তা গোলাম কিবরিয়া।
৭ মে প্রথম আলোয় ‘চুনতি অভয়ারণ্যে যুবলীগ নেতার ঘর-বাণিজ্য’ শিরোনামে ছবিসহ প্রতিবেদন প্রকাশ করা হয়।
তদন্ত কমিটির সদস্য চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা সহিদুল আলম সরকার প্রথম আলোকে বলেন, ১০ মে তদন্ত কমিটি গঠন-সংক্রান্ত চিঠি পেয়েছেন তিনি। চুনতি অভয়ারণ্যে কারা ঘর তৈরিতে জড়িত, ওই এলাকায় অবৈধ রোহিঙ্গা বসতি কীভাবে গড়ে উঠেছে, তা তদন্ত করে বের করতে বলা হয়েছে। তিনি বলেন, চুনতি অভয়ারণ্যে অবৈধভাবে বাড়ি নির্মাণ, বন কর্মকর্তাদের ওপর হামলা ও বনাঞ্চলের জায়গা দখলের অভিযোগে চকরিয়ার হারবাং ইউনিয়ন যুবলীগের নেতা তোফায়েল আহমদের বিরুদ্ধে ৬১টি বন মামলা করা হয়েছে। এসব মামলার কী অবস্থা, তাও খতিয়ে দেখা হবে।