কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিনের এমবিবিএস ডিগ্রি ও চিকিৎসা সনদ ভুয়া কি না তা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ওই তদন্ত কমিটি গঠন করা হয়।তিন সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (শৃঙ্খলা) সামছুল হক, সদস্য একই অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুর রব ও ফেনীর সিভিল সার্জন জাহাঙ্গীর হোসেন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।কমিটির সদস্য আবদুর রব গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করেছি। বিএমঅ্যান্ডডিসি থেকে তাঁর সনদ জালিয়াতির বিষয়টি ধরা পড়েছে। অন্যান্য কাগজও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আগামী দুই-তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।’গতকাল প্রথম আলোর শেষের পাতায় ‘ভুয়া সনদে চিকিৎসা কর্মকর্তা নিয়োগ!’ শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পদে সদ্য নিয়োগ পাওয়া মোহাম্মদ ফরিদ উদ্দিনের এমবিবিএস ডিগ্রি ও চিকিৎসাবিষয়ক সনদ ভুয়া বলে অভিযোগ উঠেছে।