তিন সন্তান নিয়ে বিপাকে জাম্বু চৌরের বিধবা স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলার বৈদ্যবাটী গ্রামে নিহত আদিবাসী দিনমজুর জাম্বু চৌরের আয়েই চলত সংসার। এখন তিনি না থাকায় তাঁর স্ত্রী সেফালী হাসদা তিন শিশুসন্তান নিয়ে চরম বিপদে পড়েছেন। সন্তানদের মুখে দুই বেলা খাবার কীভাবে তুলে দেবেন, সেই ভাবনায় পড়েছেন তিনি।গত শুক্রবার জমি নিয়ে বিরোধের জেরে জাম্বু চৌরে প্রতিপক্ষের হামলায় নিহত হন। তাঁর বড় ছেলে বুদ্ধিনাথ চৌরের বয়স মাত্র পাঁচ বছর। মেজো ছেলে গুণ্ডা চৌরের তিন বছর এবং সবচেয়ে ছোট ছেলের বয়স মাত্র ১৬ দিন। স্বামী মারা যাওয়ায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ছোট ছোট সন্তানদের নিয়ে কোনো কাজ করতে যাবেন, সে উপায়ও নেই সেফালী হাসদার। সেফালী হাসদা বলেন, ‘এখন হামি এই গিদর কিদর (ছোট ছোট) ছেলাপিলাকে কেমুন করে পুষব। দুটা গিদর ছেলা খালি বাপের লেগে কানছে। নিজেই কানছি, তো ওদের কিমুন করে চুপাব।’ তিনি জানান, প্রতিবেশীদের দেওয়া চাল দিয়ে কয়েক দিন চলল। ঘরে আছে মাত্র ছয় কেজি চাল। পরের দেওয়া চাল দিয়ে তিনবেলা খেতে পারেন না। একবেলা রান্না করে দুবার খান। চাল শেষ হলে দিন চলবে কীভাবে, তা তিনি জানেন না।প্রতিবেশী সুজন মুর্মু বলেন, ‘সেফালী ভুল বকছে আর বিলাপ করে কাঁদছে। গরমেনের (সরকারের) লোক এখুন তাকে সাহায্য না করলে তারা না খেয়ে থাকবে। সাঁওতালরা তো ভিখ মেঙে খায় না। কাম করে খাবে, তার তো উপায় নাই। কোলে তার ১৬ দিনের ছেলা।’বৈদ্যবাটী সাঁওতাল গ্রামের মানিঝ হারাম (গ্রামপ্রধান) গাইনা মার্ডি বলেন, ‘এই গ্রামের সবাই খুব গরিব আছি হামরা। পরের জমিতে খাটি। সব সময় কাম থাকে না। সবাই খায়া না-খায়া থাকি। তিন বেলা খাবার জুটে না। এখুন জাম্বুর বৌ-ছেলা তিনটাকে কে কত দিন খাওয়াবে?’ তিনি জানান, ‘গ্রামের কয়েকজন মিলে জাম্বু চৌরের পরিবারের জন্য ত্রাণের চাল চাইতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। তিনি সাহায্য দেওয়ার আশ্বাস দিলেও এখনো কিছু পাওয়া যায়নি।’