তিন সন্তান হত্যার পর বাবার আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগনেকে নিয়ে বিবাদের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে স্ত্রীকে পিটিয়েছিলেন আবু সাঈদ। অভিমান করে এর এক দিন পর আঝ শুক্রবার তিন শিশুপুত্রকে বিষপানে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন। ঘটনাটি রাজধানীর অদূরে সাভারের জয়নাবাড়ি এলাকার।

নিহতরা হলেন—আবু সাঈদ (৪০) ও তাঁর ছেলে রবিউল (৮), মোস্তফা (৬) এবং রাহাত (৪)।

সাভার মডেল থানা পুলিশ জানায়, স্বামীর মৃত্যুর পর বছর দশেক আগে রেখা বেগম দুই ছেলে রিয়াজ (১৬) ও তাজুলকে (১৩) নিয়ে আবু সাঈদকে বিয়ে করেন। দ্বিতীয় ঘরে জন্ম নেয় রবিউল, মোস্তফা ও রাহাত নামে তিন পুত্র সন্তান। সাঈদের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার তাতপুর গ্রামে। রেখার বাড়িও একই জেলায়। থাকতেন সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার জয়নাল আবেদিনের বাড়িতে। আজ ওই বাড়িরই একটি কক্ষ থেকে বাবা ও তিন ছেলের লাশ উদ্ধার করে পুলিশ।

রেখা সাভারের হেমায়েতপুরের ম্যাসকম গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করেন। আবু সাঈদ চাকরি করতেন বলিয়ারপুরের একটি রাসায়নিক কারখানায়। তাঁদের দুই ছেলে রিয়াজ ও তাজুল চাকরি করতো স্থানীয় একটি জুতা তৈরীর কারখানায়।

রেখা প্রথম আলোকে বলেন, মাস তিনেক আগে চাকরি সন্ধানে সাঈদের ভাগনে বিপুল তাঁদের বাসায় আসেন। এক মাস পর বিপুল স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি নেয়। সে তাদের সঙ্গেই থাকত। এজন্য তাঁরা তিন হাজার ৫০০ টাকায় একই বাড়ির আরও একটি কক্ষ ভাড়া নেন।  বিপুল চাকরি করলেও খাওয়া খরচ ছাড়া ঘর ভাড়ার কোনো টাকা দিত না। এ নিয়ে রেখার সঙ্গে তাঁর স্বামীর প্রায়ই ঝগড়া হত। এসবের জের ধরে বিপুল চাকরি ছেড়ে গতকাল বৃহস্পতিবার দেশের বাড়ি চলে যায়। এনিয়ে রাতে রেখার সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। একপর্যায়ে সাঈদ তাকে মারধোর করেন। এতে ক্ষুব্ধ হয়ে সকালে নাস্তা না খেয়েই রেখা তাঁর কর্মস্থলে চলে যান।  

রেখার প্রথম পক্ষের ছেলে রিয়াজ বলেন, তাঁর মা আজ সকালে কর্মস্থলে গেলেও তাঁর বাবা বাসায় ছিলেন। সকালে তাঁর বাবা কোমল পানীয় ও চিপস এনে আদর করে তাঁদের খেতে দিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে দুপুর দুইটা পর্যন্ত তিনি (রিয়াজ) বাসার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। জুমার নামাজের পর তাঁর বাবা বাসায় ফিরে ছোট ভাই রবিউল, মোস্তফা ও রাহাতকে নিয়ে ওই কক্ষে ঘুমাবেন বলে জানালে তিনি বাসা থেকে বাইরে চলে যান।

বিকেল পাঁচটার দিকে বাসায় ফিরে তিনি ওই কক্ষের দরজা ও জানালা ভেতর থেকে আটকানো অবস্থায় পান। এ সময় তাঁরা মা বাসায় ফেরেন। অনেক ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাঁদের সন্দেহ হলে দরজার নিচ দিয়ে উকি মেরে তারা তিন ভাইকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশিদের সহায়তায় দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এসময় তাঁর বাবাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আর তাঁর ছোট তিন ভাইকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পেয়ে সাভার থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

প্রতিবেশীরা বলেন, স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের ওরশজাত তিন সন্তানকে নিয়ে সাঈদ আত্মহত্যা করেছেন বলে তাঁদের ধারনা। তাঁদেরকে কেউ হত্যা করেনি।

রেখা বেগমও বলেন, ভাগনে বিপুলের থাকা নিয়ে কলহের জের ধরেই অভিমান করে তাঁর স্বামী তিন শিশুপুত্রকে নিয়ে আত্মহত্যা করেন।

যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মামলা রজুর পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অভিমান করে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সাঈদ তাঁর সন্তানদের খাওয়ান। ওই বিষক্রিয়ায় তাঁরা মারা যায়। এর পর তিনি নিজেও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।